‘এন্ডগেম’-এর রেকর্ড ভেঙে ইতিহাস গড়ল ‘স্পাইডার-ম্যান’

বক্স অফিসে নতুন ইতিহাস গড়েছে টম হল্যান্ড অভিনীত ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। মুক্তির প্রথম সাত দিনেই উত্তর আমেরিকায় ৫০ কোটি মার্কিন ডলার আয় করে সিনেমাটি গড়েছে নতুন রেকর্ড। এর মাধ্যমে দ্রুততম সময়ে এই মাইলফলক স্পর্শ করার কৃতিত্বও এখন ছবিটির দখলে।
বিনোদনভিত্তিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, মুক্তির প্রথম সাত দিনেই উত্তর আমেরিকার বক্স অফিস থেকে ৫০ কোটি মার্কিন ডলারের বেশি আয় করেছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। এর আগে ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ আট দিনে এই মাইলফলক ছুঁয়ে রেকর্ড গড়েছিল।
এর আগে উদ্বোধনী সপ্তাহান্তেও নতুন ইতিহাস তৈরি করে ছবিটি। প্রথম তিন দিনেই ৩৬ কোটি মার্কিন ডলার আয় করে উত্তর আমেরিকায় ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এর ৩৫ কোটি ৭১ লাখ ডলারের রেকর্ড ভেঙে দেয় এটি। পাশাপাশি বিশ্বজুড়ে মাত্র ছয় দিনেই ১০০ কোটি মার্কিন ডলার আয়ের ক্লাবে প্রবেশ করে সিনেমাটি, যা ‘এন্ডগেম’-এর পর দ্বিতীয় দ্রুততম এই অর্জন।
এ ছাড়া বৃহস্পতিবারের প্রিভিউ প্রদর্শনী, শুক্রবারের একদিনের আয় এবং সোমবার ও মঙ্গলবার উত্তর আমেরিকার বক্স অফিস আয়ের ক্ষেত্রেও নতুন রেকর্ড গড়েছে ছবিটি।
প্রায় ২২ কোটি ৫০ লাখ মার্কিন ডলার ব্যয়ে নির্মিত ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ পরিচালনা করেছেন ডেস্টিন ড্যানিয়েল ক্রোটন। এতে টম হল্যান্ড ও জেনডায়ার পাশাপাশি অভিনয় করেছেন স্যাডি সিনক, জ্যাকব ব্যাটালন, জন বার্নথাল ও মার্ক রাফালো।
ছবিটির সাফল্য নিয়ে সনি পিকচার্সের প্রধান টম রথম্যান বলেন, টম হল্যান্ড ও জেনডায়ার জনপ্রিয়তার পেছনে তাদের মেধা, নিষ্ঠা ও কঠোর পরিশ্রমই সবচেয়ে বড় কারণ। তার মতে, এই সাফল্য তাদের প্রাপ্য।



