নতুন একক গান নিয়ে শ্রোতাদের সামনে ফাহমিদা নবী

কিছুদিনের বিরতির পর আবারও নতুন গান নিয়ে শ্রোতাদের কাছে ফিরেছেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী ফাহমিদা নবী। তাঁর নতুন একক গানের শিরোনাম ‘অভিমানের শেষে’। প্রেম, অভিমান, স্মৃতি ও বিচ্ছেদের আবেগে সাজানো এই গানটি ইতোমধ্যেই প্রকাশ পেয়েছে এবং শ্রোতাদের কাছে পৌঁছাতে শুরু করেছে।

গানটির কথায় উঠে এসেছে একাকিত্ব, স্মৃতির ভার এবং না বলা অনুভূতির গল্প। ‘শত মানুষের ভিড় এড়িয়ে, নির্জনতায় হারাই আমি; রংধনু রঙ গুনে গুনে, স্মৃতির ঘরে ধুলো জমে’—এমন আবেগঘন কথায় গানটি লিখেছেন গীতিকার রাজু চৌধুরী।
দীর্ঘদিন ধরেই মেলোডিনির্ভর গানকে নিজের সংগীতচর্চার মূলধারা হিসেবে ধরে রেখেছেন ফাহমিদা নবী। সেই ধারাবাহিকতাই বজায় রেখে ‘অভিমানের শেষে’ গানের সুর করেছেন এহসান রাহি। আর গানটির সংগীতায়োজন করেছেন সুমন কল্যাণ, যিনি আধুনিক সাউন্ডের সঙ্গে মেলোডির ভারসাম্য বজায় রেখে গানটিকে ভিন্ন মাত্রা দেওয়ার চেষ্টা করেছেন।
গানটির অ্যানিমেশনভিত্তিক ভিডিও নির্মাণ করেছে ক্রিয়েটিভ গ্যালেরিয়া। এটি নির্মিত হয়েছে আমির খসরুর তত্ত্বাবধানে এবং প্রযোজনা করেছেন কৌশিক কল্লোল। সম্প্রতি শব্দ কারিগর ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হয়েছে।

নতুন গান প্রসঙ্গে ফাহমিদা নবী বলেন, ‘প্রেম ও বিরহের অনুভূতিকে সাত সুরের বন্ধনে নতুনভাবে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে ‘অভিমানের শেষে’ গানে। গীতিকার রাজু চৌধুরী তার লেখায় কাব্যিক সৌন্দর্য তুলে ধরেছেন। একইভাবে এহসান রাহি সুরে মেলোডিকে প্রাধান্য দিয়েছেন এবং সুমন কল্যাণ সময়োপযোগী সংগীতায়োজন করেছেন। লিরিক্যাল ভিডিওতেও রয়েছে ভিন্ন ধরনের উপস্থাপনা। সব মিলিয়ে এটি এমন একটি গান, যেরকম গান শোনার জন্য আমার শ্রোতা ও ভক্তরা দীর্ঘদিন অপেক্ষা করে থাকেন। আমি বিশ্বাস করি, গানটি অনেকের মন ছুঁয়ে যাবে।’
শুধু ‘অভিমানের শেষে’ নয়, নতুন আরও কয়েকটি ভিন্নধর্মী গানের কাজ নিয়েও বর্তমানে ব্যস্ত সময় পার করছেন ফাহমিদা নবী। তিনি জানান, সামনের দিনগুলোতে শ্রোতাদের জন্য আরও নতুন কিছু আয়োজন নিয়ে হাজির হওয়ার পরিকল্পনা রয়েছে তার।



