বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
বিনোদন

কানের অদেখা লুকে নজর কাড়লেন ঐশ্বরিয়া, গাউনে ৭ হাজারের বেশি মুক্তা

IMG_3206

কান চলচ্চিত্র উৎসব শেষ হলেও সাবেক বিশ্বসুন্দরী ও বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনের ফ্যাশন নিয়ে আলোচনা থামেনি। সম্প্রতি আন্তর্জাতিক ফ্যাশন হাউস ‘টনি ওয়ার্ড কতুর’ তার একটি অদেখা লুক প্রকাশ করেছে, যা নতুন করে নজর কেড়েছে ফ্যাশনপ্রেমীদের।

লেবানিজ ডিজাইনার টনি ওয়ার্ডের তৈরি আইভরি-সাদা স্ট্র্যাপলেস গাউনে রাজকীয় সাজে ধরা দিয়েছেন ঐশ্বরিয়া। গাউনটির বডিসজুড়ে হাতে বসানো হয়েছে সাত হাজারেরও বেশি মুক্তা। ত্রিমাত্রিক নকশার পোশাকটি সমুদ্রের ঢেউয়ের গতিময়তা তুলে ধরার ভাবনায় তৈরি করা হয়েছে।

ফ্যাশন হাউসটির তথ্য অনুযায়ী, গাউনটি তৈরি করতে প্রায় ৬০০ ঘণ্টা সময় লেগেছে। এতে ব্যবহার করা হয়েছে প্রায় ৪০ মিটার আইভরি সিল্ক ট্যাফেটা। কাঁধের ভলিউমিনাস রাফল বা ঢেউখেলানো ভাঁজ পোশাকটিকে আরও নাটকীয় ও আকর্ষণীয় করে তুলেছে।

এই গাউনের সঙ্গে ঐশ্বরিয়া বেছে নিয়েছেন মিনিমালিস্ট স্টাইলিং। ভারী গয়নার পরিবর্তে কানে লম্বা হিরার দুল ও হাতে একটি বড় ডায়মন্ড রিং পরেছেন তিনি। মেকআপেও ছিল পরিমিত আভিজাত্যের ছাপ—উজ্জ্বল ত্বক, হালকা শিমারি আইশ্যাডো ও নিউড-গোলাপি লিপস্টিকে ফুটে উঠেছে তার পরিচিত ‘সফট গ্ল্যাম’ লুক।

Advertisements

চুলে ছিল সাইড-পার্টেড সফট ওয়েভি স্টাইল, যা তার লুকে ধ্রুপদী হলিউড গ্ল্যামারের আবহ যোগ করেছে। ফ্যাশন সমালোচকদের মতে, বর্তমান সময়ের ‘কোয়ায়েট লাক্সারি’ বা পরিমিত বিলাসিতার ধারা এই লুকে সফলভাবে ফুটে উঠেছে।

উল্লেখ্য, কয়েক দশক ধরেই কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচার অন্যতম আকর্ষণ ঐশ্বরিয়া রাই বচ্চন। ২০২৬ সালের আসরে নীল মারমেড গাউন ও সাদা ট্যাক্সিডো লুকের পর এবার ৭ হাজারের বেশি মুক্তাখচিত এই অদেখা গাউনও তার স্টাইল আইকন হিসেবে অবস্থানকে আরও দৃঢ় করেছে।

Advertisements
অভিনেত্রীকান চলচ্চিত্র উৎসববলিউড