বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনমঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
বিনোদন

ডিপফেক নিয়ে কড়া অবস্থানে মৃণাল ঠাকুর, আইনি ব্যবস্থার হুঁশিয়ারি

IMG_3159

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি ডিপফেক বা বিকৃত কন্টেন্টের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন ভারতীয় অভিনেত্রী মৃণাল ঠাকুর। নিজের অনুমতি ছাড়া তার অবয়ব ও পরিচয় ব্যবহার করে কোনো কন্টেন্ট তৈরি বা প্রচার করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে মৃণাল বলেন, তার অবয়ব ব্যবহার করে ডিপফেক কন্টেন্ট তৈরি বা শেয়ার করা বেআইনি এবং অগ্রহণযোগ্য। নির্দিষ্ট কোনো ঘটনার উল্লেখ না করলেও তিনি জানান, এই ঘোষণাকে অপব্যবহার অবিলম্বে বন্ধ করার আনুষ্ঠানিক নোটিশ হিসেবে বিবেচনা করতে হবে। ভবিষ্যতে তার পরিচয়ের অপব্যবহার হলে সরাসরি আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও সতর্ক করেন অভিনেত্রী।

সম্প্রতি এআই প্রযুক্তির মাধ্যমে ব্যক্তিত্ব ও পরিচয়ের অপব্যবহার ঠেকাতে ভারতের বেশ কয়েকজন তারকা আদালতের দ্বারস্থ হয়েছেন। অনুমতি ছাড়া এ ধরনের প্রযুক্তি ব্যবহারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছেন অক্ষয় কুমার, বরুণ ধাওয়ান, অনিল কাপুর, শিল্পা শেঠি, প্রীতি জিনতা, কার্তিক আরিয়ান এবং সুনীল শেঠি।

এর আগে ডিপফেক প্রযুক্তির শিকার হয়ে সামাজিক মাধ্যম এক্সে ক্ষোভ প্রকাশ করেছিলেন রাশমিকা মান্দানা। প্রযুক্তি ব্যবহার করে ভুয়া ছবি ও ভিডিও তৈরি করে নারীদের হেনস্তার ঘটনায় তিনি তীব্র প্রতিবাদ জানান এবং প্রযুক্তির অপব্যবহার রোধে কঠোর শাস্তির দাবি তোলেন। পরে তার ডিপফেক ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ।

Advertisements
Advertisements
অভিনেত্রীবলিউড