বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনমঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
বিনোদন

শাকিবের সঙ্গে আবারও অভিনয় করবেন ববিতা, তবে আছে একটি শর্ত

9024915c69b9a409b6f67a5d686ec656-6a7035bf8683c

জন্মদিন উপলক্ষে একটি বিশেষ টেলিভিশন অনুষ্ঠানে অংশ নিয়ে আবারও চলচ্চিত্রে ফেরার ইঙ্গিত দিলেন কিংবদন্তি চিত্রনায়িকা ববিতা। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র থেকে ভার্চুয়ালি যুক্ত হন ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান। আন্তরিক আলাপচারিতার একপর্যায়ে ববিতাকে আবারও বড় পর্দায় ফেরার অনুরোধ জানান তিনি। জবাবে কাজ করার প্রতিশ্রুতি দিলেও একটি শর্ত জুড়ে দেন বরেণ্য এই অভিনেত্রী।

বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন শাকিব খান। সেখান থেকে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রথমেই ববিতাকে জন্মদিনের শুভেচ্ছা জানান তিনি। শুভেচ্ছা বিনিময়ের পর কথোপকথনের একপর্যায়ে ববিতার দীর্ঘদিন চলচ্চিত্রে অনুপস্থিত থাকার প্রসঙ্গ তুলে তাকে আবারও অভিনয়ে ফেরার আহ্বান জানান।

শাকিব খান বলেন, আপনি প্লিজ সিনেমা করবেন। এটা আমার হাম্বল রিকোয়েস্ট আপনার প্রতি। আপনার সঙ্গে আমি আরও কাজ করতে চাই’।

শাকিবের এমন আন্তরিক অনুরোধে সাড়া দেন ববিতা। তবে তিনি স্পষ্ট করে জানান, শুধু অভিনয়ের জন্য অভিনয় করতে চান না। তার মতে, দীর্ঘদিন চলচ্চিত্র থেকে দূরে থাকার অন্যতম কারণ হলো মনের মতো গল্প এবং অভিনয়ের সুযোগ তৈরি করে এমন শক্তিশালী চরিত্রের অভাব।

Advertisements

জবাবে ববিতা বলেন, আমাকে সেরকম গল্প নিয়ে আসো, তোমার আর আমার যেন সেরকম কিছু করণীয় থাকে, চ্যালেঞ্জিং রোল থাকে, তাহলে আমি করব। কথা দিলাম তোমায়, তোমার সঙ্গে ছবি করব’।

তার এই বক্তব্যে স্পষ্ট, উপযুক্ত গল্প ও চ্যালেঞ্জিং চরিত্র পেলে তিনি আবারও রুপালি পর্দায় ফিরতে প্রস্তুত।

অনুষ্ঠানে শুধু শাকিবের অনুরোধেই সাড়া দেননি ববিতা, বরং তার কাজের প্রতিও প্রশংসা প্রকাশ করেন। তিনি শাকিব খানের পেশাদারিত্ব, অভিনয়ের প্রতি নিষ্ঠা এবং সাম্প্রতিক সময়ের কাজের ভূয়সী প্রশংসা করেন। দীর্ঘ সময় ধরে দেশের চলচ্চিত্রকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে শাকিবের অবদানও ইতিবাচকভাবে মূল্যায়ন করেন এই কিংবদন্তি অভিনেত্রী।

উল্লেখ্য, ঢালিউডে ববিতা ও শাকিব খান একসঙ্গে বেশ কয়েকটি জনপ্রিয় ও ব্যবসাসফল চলচ্চিত্রে অভিনয় করেছেন। তাদের অভিনীত মা আমার স্বর্গ’, ‘খোদার পরে মা’ এবং ‘মায়ের জিহাদ’ ছবিগুলো মুক্তির পর দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। মা-ছেলের সম্পর্কভিত্তিক এসব চলচ্চিত্র আজও দর্শকদের কাছে সমানভাবে স্মরণীয়।

বহুদিন পর দুই প্রজন্মের এই দুই তারকার এমন আন্তরিক কথোপকথন চলচ্চিত্রপ্রেমীদের মধ্যেও নতুন করে আগ্রহ তৈরি করেছে। এখন দেখার বিষয়, শাকিব খানের অনুরোধ এবং ববিতার দেওয়া প্রতিশ্রুতি বাস্তবে রূপ নেয় কি না, আর উপযুক্ত গল্প ও চরিত্র নিয়ে তারা আবারও একসঙ্গে বড় পর্দায় হাজির হন কি না।

Advertisements
অভিনয়জন্মদিনববিতাশাকিব