জুলাইয়ের চেতনায় রাজধানীতে দুই বিশাল সংগীত আয়োজন

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আগামী ৫ আগস্ট রাজধানীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুটি উন্মুক্ত মেগা কনসার্ট। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশন (বামবা) এবং মুনসুন কালচারাল অ্যালায়েন্সের পৃথক আয়োজনে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান ও মানিক মিয়া অ্যাভিনিউয়ে বসবে এই দুই সংগীতের আয়োজন।

ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে ‘কনসার্ট ফর ডেমোক্রেসি’। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে, বাংলাদেশ শিল্পকলা একাডেমির তত্ত্বাবধানে এবং বামবার সহযোগিতায় আয়োজিত এই কনসার্ট শুরু হবে বিকেল ৩টায় এবং চলবে রাত ৯টা পর্যন্ত। দর্শকদের জন্য প্রবেশদ্বার খুলে দেওয়া হবে দুপুর ১টায়। কনসার্টটি সবার জন্য উন্মুক্ত থাকবে এবং এতে অংশ নিতে কোনো ধরনের টিকিটের প্রয়োজন হবে না।
এ আয়োজনে দেশের জনপ্রিয় সাতটি ব্যান্ড অংশ নেবে। এর মধ্যে রয়েছে মাইলস, ওয়ারফেজ, ডিফারেন্ট টাচ, লালন, হাইওয়ে, এসেইস এবং রে রে। উদ্বোধনী পরিবেশনা করবে ব্যান্ড রে রে। এরপর একে একে মঞ্চে উঠবে বাকি ছয়টি ব্যান্ড। অনুষ্ঠানসূচিতে বিশেষ সম্মাননা ও পুরস্কার বিতরণেরও ব্যবস্থা রাখা হয়েছে।

বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশন (বামবা)-এর সভাপতি হামিন আহমেদ বলেন, জুলাই আন্দোলনে সংগীত মানুষের সাহস, ঐক্য ও অনুপ্রেরণার অন্যতম শক্তি হিসেবে কাজ করেছিল। সেই ঐতিহাসিক সময়ের স্মৃতিকে ধারণ করেই সংগীতের মাধ্যমে দিনটি উদ্যাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে এই আয়োজনে অংশ নেবে।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন বলেন, জুলাই গণ-আন্দোলনের স্মৃতি ও চেতনাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এই আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানকে নিরাপদ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে বলেও জানান তিনি।
আয়োজকদের ভাষ্য, ‘কনসার্ট ফর ডেমোক্রেসি’ কেবল একটি সংগীতানুষ্ঠান নয়; এটি গণতান্ত্রিক মূল্যবোধ, সাংস্কৃতিক চর্চা এবং জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে নতুন করে স্মরণ ও উদ্যাপনের একটি উদ্যোগ।
একই দিনে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে আরেকটি উন্মুক্ত সংগীতানুষ্ঠান ‘বর্ষা বিপ্লবের গান’। মুনসুন কালচারাল অ্যালায়েন্সের আয়োজনে বিকেল ৪টা থেকে শুরু হওয়া এই কনসার্টেও দর্শকদের জন্য থাকবে উন্মুক্ত প্রবেশের সুযোগ।
এই কনসার্টে অংশ নেবেন দেশের জনপ্রিয় শিল্পী ও ব্যান্ডগুলো। পরিবেশনা করবেন আর্টসেল, শিরোনামহীন, আর্ক, অ্যাভয়েড রাফা, কুঁড়েঘর, আসিফ আকবর, সেজান, নাহিদ উইথ ম্যাজিশিয়ানস, ব্যান্ড নীল, জে কে তাহমিদ, পারশা মাহজাবীনসহ আরও অনেক শিল্পী।
জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এই দুই মেগা কনসার্টকে ঘিরে রাজধানীতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হবে বলে আশা করছেন আয়োজকরা। তাদের মতে, সংগীতের মাধ্যমে ইতিহাস, সংস্কৃতি ও গণতান্ত্রিক চেতনাকে একত্রে উদ্যাপনের এ আয়োজন দেশের সাংস্কৃতিক অঙ্গনে একটি বিশেষ মুহূর্ত হয়ে থাকবে।



