বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনসোমবার, ৩ আগস্ট, ২০২৬
বিবিধ

ঘরে বসেই মিলবে পাসপোর্ট, আসছে অনলাইন ভিসা ব্যবস্থা

IMG_3104

নাগরিক সেবা আরও সহজ, আধুনিক ও সময় সাশ্রয়ী করতে আবেদনকারীর বাসায় সরাসরি পাসপোর্ট পৌঁছে দেওয়ার (হোম ডেলিভারি) উদ্যোগ নিয়েছে সরকার। একইসঙ্গে স্টিকার ভিসার পরিবর্তে অনলাইন ভিসা ব্যবস্থা চালুর পরিকল্পনাও নেওয়া হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর সূত্রে জানা গেছে, পাসপোর্ট হোম ডেলিভারি চালুর জন্য ইতোমধ্যে প্রশাসনিক অনুমোদনের উদ্দেশ্যে প্রস্তাব পাঠানো হয়েছে। এ পরিকল্পনা বাস্তবায়নে মোট ৮ লাখ ৭০ হাজার ইউরো (প্রায় ১২ কোটি ৩৭ লাখ টাকা) ব্যয়ের প্রস্তাব করা হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, হোম ডেলিভারি চালুর আগে প্রশাসনিক অনুমোদন, বাজেট, নিরাপদ বিতরণব্যবস্থা এবং প্রযুক্তিগত সক্ষমতা নিশ্চিত করা হবে। পাশাপাশি আবেদনকারীর পরিচয় যাচাই, নিরাপদ হস্তান্তর এবং প্রতিটি ধাপ ডিজিটালভাবে ট্র্যাক করার ব্যবস্থা রাখা হবে।

এদিকে দেশের ইমিগ্রেশন ও ভিসা ব্যবস্থার আধুনিকায়নের অংশ হিসেবে স্টিকার ভিসার পরিবর্তে অনলাইন ভিসা সিস্টেম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে ই-ট্রাভেল পারমিট চালু, ১২১টি নতুন পদ সৃষ্টির প্রস্তাব এবং ভিসা ব্যবস্থাপনা আধুনিকায়নে ২৭ কোটি টাকা ব্যয়ের পরিকল্পনাও রয়েছে।

Advertisements

সংশ্লিষ্টদের মতে, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে নাগরিক সেবা আরও সহজ হবে, বিদেশি বিনিয়োগ ও ভ্রমণবান্ধব পরিবেশ তৈরি হবে এবং দেশের ইমিগ্রেশন ব্যবস্থা আন্তর্জাতিক মানের দিকে এগিয়ে যাবে। তবে তথ্য সুরক্ষা, সাইবার নিরাপত্তা, শক্তিশালী আইনগত কাঠামো ও স্বচ্ছ প্রশাসনিক প্রক্রিয়া নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন বিশেষজ্ঞরা।

Advertisements
আবেদনপাসপোর্টভিসা