স্ত্রীকে মুগ্ধ করতে গিয়ে দৃষ্টিশক্তি হারাচ্ছে পুরুষ পাখি!

স্ত্রী পাখিকে আকৃষ্ট করতে প্রকৃতির নিয়মেই নিজেদের আকর্ষণীয় করে তোলে পুরুষ পাখিরা। কারও শরীরে থাকে উজ্জ্বল রঙের পালক, আবার কারও মাথায় দেখা যায় লম্বা ও ঘন ঝুঁটি। তবে সঙ্গীকে মুগ্ধ করার এই বাহারি সাজই এবার পুরুষ পাখিদের জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। মাথার বিশেষ পালকের কারণে দুই প্রজাতির পুরুষ পাখির দৃষ্টিসীমা স্ত্রী পাখিদের তুলনায় গড়ে ৪১ দশমিক ৩ শতাংশ কমে যাচ্ছে।
সম্প্রতি প্রকাশিত এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। গবেষণাটি পরিচালিত হয়েছে গোল্ডেন ফিজ্যান্ট ও লেডি অ্যামহার্স্টস ফিজ্যান্ট প্রজাতির পাখিদের ওপর।
গবেষণায় দেখা গেছে, এই দুই প্রজাতির পুরুষ পাখির মাথায় লম্বা ও ঘন পালক থাকে, যা দেখতে অনেকটা পরচুলার মতো। গলার চারপাশেও রয়েছে বিশেষ পালকের আবরণ। গবেষকদের ধারণা, স্ত্রী পাখিকে আকৃষ্ট করার জন্যই বিবর্তনের ধারায় পুরুষ পাখিদের শরীরে এসব বৈশিষ্ট্য তৈরি হয়েছে। কিন্তু আকর্ষণীয় এই পালক তাদের স্বাভাবিক দৃষ্টিসীমায় বাধা সৃষ্টি করছে।
গবেষণার তথ্য অনুযায়ী, পুরুষ গোল্ডেন ফিজ্যান্টের দুই চোখের সম্মিলিত দৃষ্টিসীমার উল্লম্ব বিস্তার ৭৫ ডিগ্রি। অন্যদিকে স্ত্রী পাখির ক্ষেত্রে তা ১০৫ ডিগ্রি। একইভাবে পুরুষ লেডি অ্যামহার্স্টস ফিজ্যান্টের দৃষ্টিসীমা ৭০ ডিগ্রি হলেও স্ত্রী পাখির ক্ষেত্রে তা ১১০ ডিগ্রি।
দুই প্রজাতির তথ্য একত্রে বিশ্লেষণ করে গবেষকেরা দেখেছেন, পুরুষ পাখিদের দ্বিনেত্র দৃষ্টিসীমা স্ত্রী পাখিদের তুলনায় গড়ে ৪১ দশমিক ৩ শতাংশ কম। শুধু তা-ই নয়, পুরুষ পাখিদের অন্ধ দৃষ্টিক্ষেত্রও স্ত্রী পাখিদের তুলনায় ১৩৭ শতাংশ বেশি। অর্থাৎ মাথার ঘন পালকের কারণে আশপাশের পরিবেশের বড় একটি অংশ তাদের চোখের আড়ালে থেকে যায়।
দৃষ্টিসীমা সংকুচিত হওয়ার ফলে শিকারির উপস্থিতি শনাক্ত করাও পুরুষ পাখিদের জন্য কঠিন হয়ে উঠতে পারে। বিশেষ করে মাটিতে খাবার খোঁজার সময় মাথা নিচু করে রাখলে ওপর থেকে আসা শিকারির গতিবিধি বুঝতে সমস্যা হতে পারে। এতে তাদের আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। ফলে সঙ্গীকে আকৃষ্ট করার জন্য বিবর্তিত বাহারি পালকই শেষ পর্যন্ত আত্মরক্ষার ক্ষেত্রে দুর্বলতা তৈরি করছে।
গবেষণার অন্যতম প্রধান গবেষক স্টিভ পর্তুগাল ও তাঁর সহকর্মীরা জানিয়েছেন, এই দুই প্রজাতির পুরুষ ও স্ত্রী পাখির দৃষ্টিসীমার এমন পার্থক্য আগে নথিভুক্ত করা হয়নি। বিষয়টি পরিমাপ করতে গবেষকেরা পাখির চোখে আলো ফেলেন। পরে চোখ থেকে প্রতিফলিত আলোর সাহায্যে চারপাশে তাদের দৃষ্টিসীমা নির্ণয় করেন।
গবেষকদের মতে, সঙ্গী আকৃষ্ট করার প্রয়োজন থেকেই পুরুষ পাখিদের মাথায় বিশেষ পালকের বিবর্তন ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। প্রাণিজগতে সঙ্গীকে আকৃষ্ট করতে উজ্জ্বল রং, আকর্ষণীয় পালক কিংবা বিশেষ শারীরিক বৈশিষ্ট্য গড়ে ওঠার নজির রয়েছে। তবে এসব বৈশিষ্ট্য অনেক সময় প্রাণীর স্বাভাবিক চলাফেরা ও আত্মরক্ষার ক্ষমতাকে বাধাগ্রস্ত করতে পারে।
গবেষণায় কাছাকাছি সম্পর্কযুক্ত সিলভার ফিজ্যান্ট ও গ্রিন ফিজ্যান্ট প্রজাতির পাখিদের দৃষ্টিসীমাও পরীক্ষা করা হয়। তবে এসব প্রজাতির পুরুষ ও স্ত্রী পাখির মধ্যে একই ধরনের উল্লেখযোগ্য পার্থক্য পাওয়া যায়নি।
কেন গোল্ডেন ফিজ্যান্ট ও লেডি অ্যামহার্স্টস ফিজ্যান্টের পুরুষ পাখিদের ক্ষেত্রে এমন বৈশিষ্ট্য তৈরি হয়েছে, তা এখনো পুরোপুরি স্পষ্ট নয়। তবে গবেষকদের ধারণা, এর পেছনে তাদের আবাসস্থলেরও ভূমিকা থাকতে পারে। এ দুই প্রজাতির পাখি সাধারণত ঘন বনাঞ্চলে বসবাস করে। সেখানে গাছপালা ও ঝোপঝাড়ের কারণে দূরের দৃশ্য এমনিতেই স্পষ্ট দেখা যায় না। ফলে মাথার পালকের কারণে দৃষ্টিসীমা কমে গেলেও পরিবেশগত কারণে এর নেতিবাচক প্রভাব তুলনামূলক কম হতে পারে।
গবেষণাটি প্রকাশিত হয়েছে বিজ্ঞানবিষয়ক সাময়িকী ‘বায়োলজি লেটার্স’-এ। এর শিরোনাম ‘দ্য ভিজ্যুয়াল ইমপেডিমেন্ট অব ক্রেনিয়াল অর্নামেন্টেশন ইন মেল ক্রাইসোলোফাস ফিজ্যান্টস’।



