ওয়াসিম আকরামের সঙ্গে বিয়ের গুঞ্জন! মিস ইউনিভার্স সুস্মিতার যত প্রেম

পাকিস্তানের সাবেক ক্রিকেটার ওয়াসিম আকরামের সঙ্গে বিয়ের খবর ছড়িয়ে পড়েছিল। অথচ সেই খবর অভিনেত্রী সুস্মিতা সেন নিজেই প্রথম জেনেছিলেন সংবাদমাধ্যমের কাছ থেকে। ২০১৩ সালের এপ্রিলে এমন গুঞ্জন ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি পরিষ্কার করেন তিনি। জানান, ওয়াসিম আকরাম তাঁর বন্ধু এবং বন্ধুই থাকবেন। আকরামও বিয়ের খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেন। তবে তাঁদের সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয়েছিল আরও পাঁচ বছর আগে, একটি নাচের রিয়েলিটি শো থেকে।
সৌন্দর্য প্রতিযোগিতার মঞ্চ থেকে বলিউড—দুই জায়গাতেই নিজের স্বতন্ত্র পরিচয় তৈরি করেছেন সুস্মিতা। ১৯৭৫ সালের ১৯ নভেম্বর ভারতের হায়দরাবাদে জন্ম তাঁর। মাত্র ১৮ বছর বয়সে মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় ঐশ্বরিয়া রাইকে হারিয়ে জয়ী হন তিনি। এরপর ১৯৯৪ সালে ফিলিপাইনের ম্যানিলায় অনুষ্ঠিত মিস ইউনিভার্স প্রতিযোগিতায় প্রথম ভারতীয় হিসেবে মুকুট জেতেন।
১৯৯৬ সালে মহেশ ভাট পরিচালিত ‘দস্তক’ সিনেমার মাধ্যমে বলিউডে যাত্রা শুরু করেন সুস্মিতা। পরে ‘বিবি নাম্বার ওয়ান’, ‘ম্যায় হুঁ না’ ও ‘ম্যায়নে পেয়ার কিউ কিয়া’র মতো সিনেমায় অভিনয় করে দর্শকের মন জয় করেন। দীর্ঘ বিরতির পর ২০২০ সালে ‘আরিয়া’ সিরিজ দিয়ে পর্দায় ফেরেন তিনি। সিরিজটির প্রথম মৌসুম আন্তর্জাতিক এমি পুরস্কারের মনোনয়ন পায়। এরপর ‘তালি’তে রূপান্তরকামী অধিকারকর্মী গৌরী সাওয়ান্তের চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন।
পর্দার বাইরেও নিজের জীবনযাপনের সিদ্ধান্তে বরাবরই আলোচনায় ছিলেন এই অভিনেত্রী। ২৪ বছর বয়সে প্রথম মেয়ে রেনেকে দত্তক নেন তিনি। পরে ২০১০ সালে দ্বিতীয় মেয়ে আলিশাহকেও দত্তক নেন। ক্যারিয়ারের শুরুতে মা হওয়ার সিদ্ধান্ত নিয়ে নানা মন্তব্য শুনতে হলেও সুস্মিতা নিজের সিদ্ধান্তে অটল ছিলেন। তাঁর ভাষ্য অনুযায়ী, মা হওয়ার পরই ক্যারিয়ারে বেশ কয়েকটি বড় সাফল্য আসে।
জন্মদিনে সুস্মিতার ব্যক্তিজীবনের আলোচিত সম্পর্কগুলো আবারও ফিরে দেখার সুযোগ এসেছে।
ওয়াসিম আকরামের সঙ্গে পরিচয় নাচের মঞ্চে
২০০৮ সালে ভারতের নাচের রিয়েলিটি শো ‘এক খিলাড়ি এক হাসিনা’য় বিচারকের দায়িত্ব পালন করেন সুস্মিতা সেন ও ওয়াসিম আকরাম। অনুষ্ঠানটির সূত্র ধরেই তাঁদের ঘনিষ্ঠতা নিয়ে সংবাদ প্রকাশ হতে থাকে। কয়েক বছর পর সেই আলোচনা বিয়ের গুঞ্জনে রূপ নেয়। ২০১৩ সালে বিষয়টি নিয়ে মুখ খোলেন দুজনই। সুস্মিতা আকরামকে নিজের বন্ধু বলে উল্লেখ করেন। আকরামও জানান, তাঁদের বিয়ের খবরের কোনো সত্যতা নেই। একই সঙ্গে ব্যক্তিগত জীবন নিয়ে অযথা জল্পনা না ছড়ানোর অনুরোধ জানান তাঁরা।
‘দস্তক’-এর চিত্রনাট্যকার বিক্রম ভাট
সুস্মিতার প্রথম সিনেমা ‘দস্তক’-এর চিত্রনাট্যকার ছিলেন বিক্রম ভাট। ছবিতে কাজ করতে গিয়েই দুজনের পরিচয়, পরে সেই পরিচয় প্রেমের সম্পর্কে গড়ায়। তবে সে সময় বিক্রম বিবাহিত ছিলেন। বহু বছর পর এক সাক্ষাৎকারে অতীতের সেই সম্পর্ক নিয়ে কথা বলতে গিয়ে স্ত্রী ও মেয়েকে ছেড়ে যাওয়ার সিদ্ধান্তের জন্য অনুশোচনা প্রকাশ করেন তিনি।
রণদীপ হুদার সঙ্গে তিন বছরের সম্পর্ক
২০০৬ সালের দিকে অভিনেতা রণদীপ হুদার সঙ্গে সুস্মিতার প্রেমের খবর প্রকাশ্যে আসে। বিভিন্ন জায়গায় তাঁদের একসঙ্গে দেখা যেত। ‘কর্মা, কনফেশনস অ্যান্ড হোলি’ সিনেমাতেও একসঙ্গে অভিনয় করেন তাঁরা। প্রায় তিন বছর সম্পর্কের পর ২০০৯ সালে তাঁদের বিচ্ছেদ হয়। পরে এক সাক্ষাৎকারে রণদীপ জানান, সম্পর্কটিতে তিনি অনেক সময় ও মনোযোগ দিয়েছিলেন। বিচ্ছেদের পর নিজের কাজে আরও মনোযোগ দিতে পেরেছিলেন।
মুদাসসর আজিজ ও ঋত্বিক ভাসিনকে ঘিরে গুঞ্জন
‘দুলহা মিল গায়া’ সিনেমায় অভিনয়ের সময় পরিচালক মুদাসসর আজিজের সঙ্গে সুস্মিতার ঘনিষ্ঠতা নিয়ে আলোচনা শুরু হয়। তাঁদের প্রেমের সম্পর্ক রয়েছে বলেও সংবাদ প্রকাশিত হয়েছিল। এ ছাড়া মুম্বাইয়ের রেস্তোরাঁ ব্যবসায়ী ঋত্বিক ভাসিনের সঙ্গেও সুস্মিতার নাম জড়ায়। ২০১৩ সালে মুম্বাইয়ের একটি অনুষ্ঠানে তাঁদের একসঙ্গে দেখা যাওয়ার খবর প্রকাশ করে ‘হিন্দুস্তান টাইমস’। পরে ২০১৭ সালে ‘ইন্ডিয়া টুডে’ তাঁদের কথিত বিচ্ছেদের খবর প্রকাশ করে।
রেহমান শালের সঙ্গে সম্পর্কের ইতি
মডেল রেহমান শালের সঙ্গে সম্পর্কের বিষয়টি কখনো গোপন রাখেননি সুস্মিতা। তবে তাঁদের প্রেমের সম্পর্ক শেষ হওয়ার খবর তিনিই প্রথম জানান। ২০২১ সালের ২৩ ডিসেম্বর ইনস্টাগ্রামে দুজনের একটি ছবি প্রকাশ করে অভিনেত্রী লেখেন, বন্ধুত্ব দিয়েই তাঁদের সম্পর্কের শুরু হয়েছিল। প্রেমের সম্পর্ক শেষ হলেও বন্ধুত্ব অটুট রয়েছে। এর পরের বছরও সুস্মিতার ইনস্টাগ্রাম লাইভে দেখা যায় রেহমানকে।
ললিত মোদির ঘোষণায় নতুন করে আলোচনা
২০২২ সালের ১৪ জুলাই আইপিএলের প্রতিষ্ঠাতা ললিত মোদি সামাজিক যোগাযোগমাধ্যমে সুস্মিতার সঙ্গে কয়েকটি ছবি প্রকাশ করেন। একই সঙ্গে তাঁদের প্রেমের সম্পর্কের কথা জানান। ছবিগুলো প্রকাশের পর বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়ে। পরে আরেকটি পোস্টে ললিত স্পষ্ট করেন, তাঁদের বিয়ে হয়নি।
পরদিন দুই মেয়ের সঙ্গে নিজের একটি ছবি প্রকাশ করে সুস্মিতাও বিষয়টি পরিষ্কার করেন। জানান, তিনি বিয়ে করেননি, এমনকি আংটিবদলও হয়নি। তবে তাঁর পোস্টে ললিত মোদির নাম উল্লেখ করা হয়নি।
এরপর ২০২৪ সালে রিয়া চক্রবর্তীর অনুষ্ঠান ‘চ্যাপ্টার ২’-এ নিজের ব্যক্তিজীবন নিয়ে কথা বলেন সুস্মিতা। সেখানে তিনি জানান, প্রায় তিন বছর ধরে কোনো প্রেমের সম্পর্কে নেই। আলোচিত নানা সম্পর্কের মধ্য দিয়ে ব্যক্তিগত জীবন বারবার সংবাদ শিরোনামে এলেও নিজের সিদ্ধান্ত ও জীবনযাপনের স্বাধীনতা বজায় রেখেছেন এই অভিনেত্রী।



