ভুয়া পিয়ার রিভিউ এবং নানা অনিয়মে প্রত্যাহার ৩২৫ বাংলাদেশি গবেষণা নিবন্ধ

২০১৯ সাল থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত বাংলাদেশি গবেষকদের সঙ্গে সংশ্লিষ্ট অন্তত ৩২৫টি গবেষণা নিবন্ধ আন্তর্জাতিক বিভিন্ন জার্নাল প্রত্যাহার করেছে। ভুয়া পিয়ার রিভিউ, চৌর্যবৃত্তি, তথ্য-উপাত্তে অসংগতি, সাইটেশন কারসাজিসহ বিভিন্ন ধরনের গবেষণা অসদাচরণের অভিযোগে এসব নিবন্ধ প্রত্যাহার করা হয়েছে। প্রথম আলোর এক অনুসন্ধানে এ তথ্য উঠে এসেছে।
অনুসন্ধানে দেখা গেছে, প্রত্যাহার হওয়া গবেষণা নিবন্ধের সঙ্গে সবচেয়ে বেশি সম্পৃক্ত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির গবেষকেরা (৪৪টি)। এরপর রয়েছে নর্থ সাউথ ইউনিভার্সিটি (৪২টি), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (৩২টি), ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (২১টি) এবং ঢাকা বিশ্ববিদ্যালয় (২০টি)।
গবেষকদের মতে, এ ধরনের ঘটনা বাড়তে থাকায় বাংলাদেশের গবেষণার সততা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা নিয়ে উদ্বেগ তৈরি হচ্ছে। এর ফলে দেশের একাডেমিক সুনাম ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ভবিষ্যতে বাংলাদেশি গবেষকদের জন্য শীর্ষস্থানীয় আন্তর্জাতিক জার্নালে গবেষণা প্রকাশ আরও কঠিন হয়ে উঠতে পারে।



