কেন ২২ ক্যারেট নয়, ১৮ ক্যারেট সোনা বেছে নিয়েছিল ফিফা?

বিশ্বকাপ ট্রফি নিয়ে ফুটবলপ্রেমীদের আগ্রহের শেষ নেই। অনেকেরই ধারণা, মর্যাদাপূর্ণ এই ট্রফিটি পুরোপুরি খাঁটি সোনা দিয়ে তৈরি। তবে বাস্তবে ট্রফিটি ২২ বা ২৪ ক্যারেট নয়, বরং ১৮ ক্যারেট সোনা দিয়ে তৈরি করা হয়েছে—আর এর পেছনে রয়েছে বৈজ্ঞানিক ও ব্যবহারিক কারণ।
বর্তমান বিশ্বকাপ ট্রফির নকশা করেন ইতালীয় ভাস্কর সিলভিও গাজ্জানিগা। ১৯৭১ সালে তিনি ট্রফিটির ডিজাইন তৈরি করেন এবং ইচ্ছাকৃতভাবেই ২২ ক্যারেটের পরিবর্তে ১৮ ক্যারেট সোনা ব্যবহার করেন।
বিশেষজ্ঞদের মতে, ২২ ও ২৪ ক্যারেট সোনা অত্যন্ত খাঁটি হলেও তা বেশ নরম। ফলে সামান্য আঘাতেই এতে দাগ পড়তে পারে, এমনকি ট্রফির আকৃতিও বিকৃত হওয়ার ঝুঁকি থাকে। অন্যদিকে ১৮ ক্যারেট সোনায় ৭৫ শতাংশ খাঁটি সোনার সঙ্গে ২৫ শতাংশ তামা, রূপা বা দস্তার মতো শক্ত ধাতু মেশানো হয়। এতে ট্রফি আরও টেকসই ও মজবুত হয়।
এ ছাড়া বিশ্বকাপ ট্রফির উচ্চতা ৩৬.৮ সেন্টিমিটার। এটি যদি সম্পূর্ণ ২২ ক্যারেট সোনা দিয়ে তৈরি হতো, তাহলে এর ওজনও উল্লেখযোগ্যভাবে বেড়ে যেত, যা বহন ও সংরক্ষণে অসুবিধা সৃষ্টি করতে পারত।
উল্লেখ্য, বিশ্বকাপ জয়ের পর কোনো দেশ আসল ট্রফিটি স্থায়ীভাবে নিজেদের কাছে রাখতে পারে না। আসল ট্রফিটি সুইজারল্যান্ডের জুরিখে অবস্থিত ফিফা মিউজিয়ামে সংরক্ষিত থাকে। চ্যাম্পিয়ন দলকে দেওয়া হয় আসল ট্রফির অবিকল একটি ব্রোঞ্জের প্রতিরূপ, যার ওপর সোনার প্রলেপ দেওয়া থাকে।



