আসিম আজহারের কনসার্টে হানিয়া আমির, ফের চর্চায় পুরোনো প্রেম

শনিবার রাতে করাচিতে অনুষ্ঠিত পাকিস্তানি সংগীতশিল্পী আসিম আজহারের কনসার্টে দর্শকসারিতে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। কনসার্ট চলাকালে তাকে আসিমের পরিবেশনা উপভোগ করার পাশাপাশি মুঠোফোনে ভিডিও ধারণ করতে এবং আশপাশের দর্শকদের সঙ্গে কথা বলতে দেখা যায়।
হানিয়ার এই উপস্থিতির পর সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও তাদের সম্পর্ক নিয়ে নানা জল্পনা-কল্পনা শুরু হয়েছে। তবে এ বিষয়ে হানিয়া আমির বা আসিম আজহার—কেউই কোনো মন্তব্য করেননি কিংবা গুঞ্জনের সত্যতা নিশ্চিত করেননি।
এর আগেও আসিম আজহারের একাধিক কনসার্টে হানিয়াকে দেখা গেছে। প্রতিবারই তাদের একসঙ্গে উপস্থিতি ভক্তদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে।
হানিয়া আমির ও আসিম আজহারের সম্পর্কের গুঞ্জন প্রথম শুরু হয় ২০১৮ সালের দিকে। ২০১৯ সালে দুজনই প্রকাশ্যে সম্পর্কের বিষয়টি স্বীকার করেন। তবে ২০২০ সালে তাদের বিচ্ছেদের খবর সামনে আসে। এরপর আলাদা পথে চললেও সাম্প্রতিক এই কনসার্টে হানিয়ার উপস্থিতি পুরোনো সেই সম্পর্ক নিয়েই নতুন করে আলোচনা উসকে দিয়েছে।



