বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনমঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
বিনোদন

বন্যার্তদের সহায়তায় গাইবেন রুনা লায়লা

বন্যার্তদের সহায়তায় গাইবেন রুনা লায়লা

কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লাকে জাতীয়ভাবে সম্মাননা দিচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। আগামী ২৪ জুলাই রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে সম্মাননা প্রদান ও একক সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের টিকিট বিক্রি থেকে প্রাপ্ত অর্থ বন্যার্তদের সহায়তায় মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে প্রদান করা হবে।

মঙ্গলবার (২১ জুলাই) বাংলাদেশ শিল্পকলা একাডেমির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কয়েকদিন আগে জানা গিয়েছিল, দীর্ঘ ছয় দশকের ক্যারিয়ারে প্রথমবার বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে একক পরিবেশনায় হাজির হবেন রুনা লায়লা। মূলত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে তাকে দেওয়া হবে সম্মাননা। যদিও কথা ছিল এ অনুষ্ঠান হবে ১৮ জুলাই। তবে হঠাৎ দেশের বিভিন্ন জেলায় বন্যা সৃষ্টি হওয়ায় পরিকল্পনায় বদল আনা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলা গানের পাশাপাশি উর্দু, হিন্দি, ইংরেজিসহ বিভিন্ন ভাষায় অসংখ্য জনপ্রিয় গান গেয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সংগীতকে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছেন রুনা লায়লা। সংগীতে তার অসামান্য অবদান, দীর্ঘ শিল্পীজীবন এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের সাংস্কৃতিক মর্যাদা প্রতিষ্ঠায় ভূমিকার স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মাননা দেওয়া হচ্ছে।

Advertisements

২৪ জুলাই সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হওয়া অনুষ্ঠানে সম্মাননা গ্রহণের পাশাপাশি একক সংগীত পরিবেশন করবেন রুনা লায়লা। তিনি বাংলা ছাড়াও বিভিন্ন ভাষায় তার জনপ্রিয় ও কালজয়ী গান পরিবেশন করবেন।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ অনুষ্ঠানের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ২ হাজার, ৩ হাজার ও ৫ হাজার টাকা। টিকিট বিক্রির পুরো অর্থ বন্যাদুর্গত মানুষের সহায়তায় মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দেওয়া হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী এমপি। বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি এবং তথ্য ও সম্প্রচার ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পলিসি ও স্ট্র্যাটেজিবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা। স্বাগত বক্তব্য দেবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি শেখ রেজাউদ্দিন আহমেদ। ধন্যবাদ জ্ঞাপন করবেন একাডেমির সচিব মোহাম্মদ জাকির হোসেন।

Advertisements
বন্যার্তশিল্পকলা একাডেমিসহায়তা