১২ সেপ্টেম্বর, ২০২৬ | শনিবারবাংলা: ২৮ ভাদ্র ১৪৩৩
বিবিধ

বিশ্বকাপ শিরোপা হাতছাড়া হতেই বুয়েনস এইরেসে রণক্ষেত্র, পুলিশের সঙ্গে ভক্তদের সংঘর্ষ

argentina_buenos_aires

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হেরে টানা দ্বিতীয়বার শিরোপা জয়ের স্বপ্নভঙ্গ হয়েছে আর্জেন্টিনার। মাঠের হতাশা ছড়িয়ে পড়ে দেশজুড়েও। ফাইনাল শেষে রাজধানী বুয়েনস এইরেসে সমর্থকদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ১৫ জনকে আটক করা হয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে।

ফাইনালে জাতীয় দলকে সমর্থন জানাতে ম্যাচ চলাকালে বুয়েনস এইরেসের ওবেলিস্ক স্মৃতিস্তম্ভ এলাকায় হাজারো সমর্থক জড়ো হন। তবে ম্যাচে আর্জেন্টিনার পরাজয়ের পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ক্ষুব্ধ সমর্থকদের একাংশ পুলিশের দিকে পাথর ও কাঁচের বোতল ছুড়ে মারেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়। জবাবে পুলিশ রাবার বুলেট, টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহার করে জনতাকে ছত্রভঙ্গ করে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিও ও ছবিতে পুলিশ ও সমর্থকদের সংঘর্ষের দৃশ্য দেখা গেছে। এর মধ্যে একটি ছবিতে এক সমর্থককে দাঙ্গা পুলিশের সদস্য লাথি মারছেন বলেও দেখা যায়।

অন্যদিকে, নিউ জার্সিতে অনুষ্ঠিত ফাইনালে অতিরিক্ত সময়ে ১০ জনের দলে পরিণত হয় আর্জেন্টিনা। পাউ কুবারসিকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন এনসো ফের্নান্দেস, যা স্বয়ংক্রিয়ভাবে লাল কার্ডে পরিণত হয়। ম্যাচ শেষে উত্তেজনার মধ্যেই আর্জেন্টিনার মিডফিল্ডার লেয়ান্দ্রো পারেদেসকে স্পেনের এরিক গার্সিয়া ও গাভির সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়াতে দেখা যায়।

অতিরিক্ত সময়ের ১০৬তম মিনিটে ফেরান তোরেসের একমাত্র গোলে ১-০ ব্যবধানে জয় পায় স্পেন। এই জয়ে ২০১০ সালের পর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা জিতে নেয় স্প্যানিশরা। ম্যাচ শেষে ট্রফি গ্রহণের সময় স্পেনের খেলোয়াড়েরা উদ্‌যাপনে মেতে উঠলেও আর্জেন্টিনার ফুটবলারদের হতাশা ছিল স্পষ্ট।