বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনশুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
বিবিধ

শতাব্দীর দীর্ঘতম সূর্যগ্রহণ কবে, কোথা থেকে দেখা যাবে?

Solar-Eclipse-768×402

একবিংশ শতাব্দীর অন্যতম দীর্ঘতম পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব। আগামী বছর, অর্থাৎ ২০২৭ সালের ২ আগস্ট, সৌদি আরবসহ বিশ্বের কয়েকটি অঞ্চলে দেখা যাবে এই বিরল জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা। প্রায় ৭৫ বছরেরও বেশি সময় পর সৌদি আরবের আকাশে এত দীর্ঘ সময়ের পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে, যা প্রত্যক্ষ করবেন লাখো মানুষ।

গালফ নিউজ ও সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)-এর প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের পশ্চিম ও দক্ষিণাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় প্রায় ছয় মিনিট ধরে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে। এত দীর্ঘ সময়ের গ্রহণ বিজ্ঞানী ও জ্যোতির্বিদদের জন্য সূর্যের বহিঃস্তর বা করোনা নিয়ে গবেষণার একটি বিরল সুযোগ তৈরি করবে।

সৌদি মহাকাশ সংস্থার তথ্য অনুযায়ী, আভা শহরসহ কয়েকটি এলাকায় পূর্ণগ্রাস প্রায় ছয় মিনিট স্থায়ী হতে পারে। অন্যদিকে জেদ্দা ও পশ্চিম উপকূলের কিছু অঞ্চলে অন্ধকার নেমে আসবে প্রায় ৫ মিনিট ৫০ সেকেন্ড। একই সময়ে প্রতিবেশী মিশরে গ্রহণের স্থায়িত্ব আরও বেশি হবে, যা এ গ্রহণের সর্বোচ্চ সময় হিসেবে বিবেচিত হচ্ছে।

সংস্থাটি জানিয়েছে, এ বিরল ঘটনা সৌদি আরবকে সূর্যগ্রহণ পর্যবেক্ষণ ও নথিভুক্ত করার জন্য বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ গন্তব্যে পরিণত করবে। দেশের অন্যান্য অঞ্চলের বাসিন্দারাও আংশিক সূর্যগ্রহণ দেখতে পারবেন। কিছু এলাকায় সূর্যের প্রায় ৮০ শতাংশ পর্যন্ত ঢেকে যেতে পারে, যদিও গ্রহণের সময় ও মাত্রা স্থানভেদে ভিন্ন হবে।

Advertisements

জেদ্দা অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির সভাপতি মাজেদ আবু জাহরা জানিয়েছেন, পূর্ণগ্রাসের পথ লোহিত সাগরের উপকূল থেকে শুরু হয়ে মক্কা, জেদ্দা, তাইফ, আল-বাহা, খামিস মুশাইত, জাজান ও নাজরানসহ কয়েক ডজন শহর ও গভর্নরেটের ওপর দিয়ে অতিক্রম করবে।

পূর্ণগ্রাস চলাকালে দিনের আলো সাময়িকভাবে গোধূলির মতো ম্লান হয়ে যাবে এবং তাপমাত্রাও উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে। এ সময় সূর্যের করোনা খালি চোখে দেখা সম্ভব হলেও, গ্রহণের পূর্ণগ্রাস শুরুর আগে ও শেষ হওয়ার পর সরাসরি সূর্যের দিকে তাকানো অত্যন্ত বিপজ্জনক।

এ কারণে সৌদি মহাকাশ সংস্থা জনগণকে সতর্ক করে জানিয়েছে, অনুমোদিত সূর্যগ্রহণ চশমা বা বিশেষ সৌর ফিল্টারযুক্ত যন্ত্র ছাড়া কখনোই সরাসরি সূর্যের দিকে তাকানো যাবে না। যথাযথ সুরক্ষা ছাড়া সূর্য পর্যবেক্ষণ করলে চোখের স্থায়ী ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে।

Advertisements
দীর্ঘতমপূর্ণগ্রাসসূর্যগ্রহণ