নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, বরাদ্দ ৪০০ কোটি টাকা

নারীদের নিরাপদ ও পরিবেশবান্ধব যাতায়াত নিশ্চিত করতে ১০০টি বৈদ্যুতিক বাস কেনার উদ্যোগ নিয়েছে সরকার। বাস কেনার পাশাপাশি চার্জিং স্টেশন স্থাপন ও প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণে ৪০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। আগামী বছরের ২৫ ফেব্রুয়ারির মধ্যে বাসগুলো বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কাছে হস্তান্তরের আশা করা হচ্ছে।
গত ২৯ অক্টোবর অর্থ বিভাগ এ অর্থ বরাদ্দ দেয়। পরে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় বরাদ্দের অর্থ বিআরটিসির পাবলিক লেজার হিসাবে স্থানান্তরের নির্দেশ দেয়। গত ৯ নভেম্বর উপসচিব অজিত দেব স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিআরটিসির চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর জানিয়েছেন, সরাসরি ক্রয় পদ্ধতিতে বাসগুলো সংগ্রহের দায়িত্ব দেওয়া হয়েছে প্রগতি ইন্ডাস্ট্রিজকে। প্রতিষ্ঠানটি ইতোমধ্যে আন্তর্জাতিক সরবরাহকারীদের সঙ্গে প্রাথমিক আলোচনা করেছে।
তিনি জানান, আগামী ১৮ নভেম্বর সরবরাহকারীদের কাছে দরপত্র আহ্বান করা হবে এবং ২২ নভেম্বর বাস কেনার চূড়ান্ত আদেশ দেওয়া হবে। এরপর ২৩ বা ২৪ নভেম্বর সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনের জন্য প্রস্তাব পাঠানোর পরিকল্পনা রয়েছে।
এর আগে গত ৬ আগস্ট অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি বিআরটিসির জন্য সরাসরি ক্রয় পদ্ধতিতে ২০০টি বৈদ্যুতিক বাস কেনার নীতিগত অনুমোদন দেয়। দুই ধাপে বাস্তবায়নাধীন ৮০০ কোটি টাকার প্রকল্পটির প্রথম ধাপে নারীদের জন্য ১০০টি বাস কেনা হচ্ছে। প্রগতি ইন্ডাস্ট্রিজের সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, চীন থেকে বাসগুলো সংগ্রহের পরিকল্পনা রয়েছে।
এদিকে নারীদের জন্য চালু হওয়া বিশেষ ‘পিংক বাস’ সেবায় যাত্রীসংকট দেখা দিয়েছে। গত ১৮ আগস্ট ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ার ১৩টি রুটে ১৪টি বাস নিয়ে পরীক্ষামূলকভাবে এ সেবা চালু করা হয়। নারী চালক ও কন্ডাক্টরদের মাধ্যমে পরিচালিত এসব বাসে প্রত্যাশিত যাত্রী পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বিআরটিসির চেয়ারম্যান জানান, নারী যাত্রীদের সঙ্গে থাকা পুরুষ সহযাত্রীরা এসব বাসে উঠতে না পারায় অনেকেই সেবাটি ব্যবহার করছেন না। এ কারণে ১৬ বছর বয়স পর্যন্ত বা সর্বোচ্চ এসএসসি পরীক্ষার্থী পুরুষ সহযাত্রীদের পিংক বাসে ভ্রমণের অনুমতি দেওয়ার প্রস্তাব পাঠানো হয়েছে। পাশাপাশি কিছু আসন পুরুষ যাত্রীদের জন্য বরাদ্দ রাখার বিষয়েও সামাজিক জরিপের পরিকল্পনা রয়েছে।
নতুন ১০০টি বৈদ্যুতিক বাস বহরে যুক্ত হলে রাজধানীর পাশাপাশি দেশের অন্যান্য বিভাগেও নারীদের জন্য বিশেষ বাস সেবা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
বিআরটিসি কর্তৃপক্ষ জানিয়েছে, এ উদ্যোগের মূল লক্ষ্য নারীদের জন্য বিশেষ গণপরিবহন সুবিধা নিশ্চিত করা। আর্থিক লাভের চেয়ে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী সেবাটি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করাকেই গুরুত্ব দেওয়া হচ্ছে।



