১৪ নভেম্বর, ২০২৬ | শনিবারবাংলা: ২৯ কার্তিক ১৪৩৩
জীবনযাপন

ভালোবাসা নয়, শুধুই মনোযোগের প্রতি আসক্তি? চিনে নিন ৫ লক্ষণ

images (2)

কারও একটি মেসেজ আপনার মুখে হাসি ফোটায়, আবার তার উত্তর পেতে দেরি হলে মন খারাপ হয়ে যায়। ফোনে তার নাম ভেসে উঠলেই ভালো লাগে, সারাক্ষণ অপেক্ষা করেন কখন সে খোঁজ নেবে। এমন অনুভূতিকে অনেক সময় আমরা ভালোবাসা বলে মনে করি। কিন্তু সব সময় তা প্রেম নয়, কখনো কখনো এটি হতে পারে অন্য কারও কাছ থেকে পাওয়া মনোযোগ বা স্বীকৃতির প্রতি অতিরিক্ত নির্ভরশীলতা।

ভালোবাসা আর অ্যাটেনশন বা মনোযোগ পাওয়ার আকাঙ্ক্ষার মধ্যে পার্থক্য বোঝা সব সময় সহজ নয়। তবে নিজের অনুভূতি বিশ্লেষণ করলে কিছু লক্ষণের মাধ্যমে বিষয়টি বুঝতে পারবেন। জেনে নিন এমন পাঁচটি লক্ষণ—

১. তার উত্তরের ওপর নির্ভর করে আপনার মেজাজ

সে দ্রুত মেসেজের উত্তর দিলে আপনার মন ভালো হয়ে যায়। আবার উত্তর দিতে দেরি করলে পুরো দিনটাই খারাপ কাটে। আপনার আনন্দ, হতাশা কিংবা মানসিক অবস্থা যদি তার দেওয়া মনোযোগের ওপর নির্ভর করে, তাহলে বুঝতে হবে আপনি হয়তো তার স্বীকৃতির প্রতি অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়ছেন।

২. কথোপকথনের চেয়ে মেসেজ পাওয়াটাই বেশি ভালো লাগে

নিজেকে প্রশ্ন করুন, আপনি কি সত্যিই তার সঙ্গে কথা বলতে ভালোবাসেন, নাকি তার কাছ থেকে নিয়মিত মেসেজ পাওয়ার অনুভূতিটিই আপনাকে আনন্দ দেয়? যদি তার সঙ্গে গভীর কথোপকথনের চেয়ে ‘গুড মর্নিং’ বার্তা, প্রশংসা কিংবা নিয়মিত খোঁজ নেওয়াই বেশি গুরুত্বপূর্ণ মনে হয়, তাহলে নিজের অনুভূতি নিয়ে ভাবার সময় এসেছে।

৩. তার অপছন্দের দিকগুলো এড়িয়ে যান

আপনাদের মূল্যবোধ, আগ্রহ কিংবা ভবিষ্যৎ প্রত্যাশার মধ্যে বড় ধরনের পার্থক্য থাকতে পারে। কিন্তু সে যখন প্রশংসা করে বা আপনাকে বিশেষ অনুভব করায়, তখন সেই অমিলগুলো আর চোখে পড়ে না। কারও কাছে কাঙ্ক্ষিত হওয়ার অনুভূতি অনেক সময় প্রকৃত মানসিক সামঞ্জস্যের অভাবকে আড়াল করে রাখে।

৪. সে দূরে সরে গেলে আগ্রহ বেড়ে যায়

সে কাছে থাকলে আপনি স্বাভাবিক থাকেন। কিন্তু একটু দূরত্ব তৈরি হলেই তাকে নিয়ে অতিরিক্ত ভাবতে শুরু করেন। বারবার তার প্রোফাইল দেখেন, মেসেজের অপেক্ষা করেন কিংবা যোগাযোগের চেষ্টা করেন। এমন পরিস্থিতিতে আপনার অনুভূতি ভালোবাসার চেয়ে হারিয়ে ফেলার ভয় বা অনিশ্চয়তা থেকে তৈরি হচ্ছে কি না, তা ভেবে দেখা জরুরি।

Advertisements

৫. তার পছন্দ-অপছন্দ নিয়েই বেশি চিন্তা করেন

সে আপনাকে পছন্দ করছে কি না, তার চোখে আপনাকে আকর্ষণীয় লাগছে কি না কিংবা আপনার কোনো আচরণে সে বিরক্ত হলো কি না—এসব ভাবতে ভাবতেই অনেকটা সময় কেটে যায়। কিন্তু কখনো কি ভেবেছেন, তার সঙ্গে থাকলে আপনি নিজে কতটা আনন্দিত বা স্বাচ্ছন্দ্য বোধ করেন?

একটি সম্পর্ক শুধু অন্যের অনুমোদন পাওয়ার চেষ্টা নয়। সেখানে নিজের চাওয়া, অনুভূতি ও প্রয়োজনেরও গুরুত্ব রয়েছে। তাই অন্যের মনোযোগ পাওয়ার পাশাপাশি সেই মানুষটির সঙ্গে আপনার প্রকৃত মানসিক সংযোগ ও সামঞ্জস্য রয়েছে কি না, সেটিও বোঝা জরুরি।

মনে রাখবেন, কারও মনোযোগ পেতে ভালো লাগা স্বাভাবিক। কিন্তু সেই মনোযোগের ওপর নিজের সুখ ও আত্মমূল্য নির্ভরশীল হয়ে পড়লে নিজের অনুভূতিগুলো নতুন করে যাচাই করা প্রয়োজন।

Advertisements