বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
বিনোদন

দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসছেন জেনিফার উইঙ্গেট

WhatsApp Image 2026-06-08 at 1.56.48 PM.jpeg

ভারতের হিন্দি টেলিভিশন অঙ্গনের অন্যতম জনপ্রিয় ও সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের একজন জেনিফার উইঙ্গেট। দীর্ঘদিন ধরে নিজের অভিনয় দক্ষতা, সৌন্দর্য ও পর্দায় অসাধারণ উপস্থিতির মাধ্যমে দর্শকদের মুগ্ধ করে আসছেন তিনি। এবার ক্যারিয়ারের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও নতুন অধ্যায়ে পা রাখতে চলেছেন এই অভিনেত্রী।

জানা গেছে, আবারও বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন জেনিফার উইঙ্গেট। তবে এবার তার জীবনসঙ্গী কোনো অভিনেতা নন, বরং সিঙ্গাপুরের পরিচিত ব্যবসায়ী উইলিয়াম ইসমাইল। দীর্ঘদিনের সম্পর্কের পর তারা বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।

জেনিফার ও উইলিয়াম তাদের প্রেমের সম্পর্ক এবং বিয়ের বিষয়টি এতদিন গোপন রেখেছিলেন। তবে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের গায়ে হলুদ অনুষ্ঠানের একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি সামনে আসে। ভিডিওটি প্রকাশ্যে আসার পর ভক্তদের মধ্যে শুরু হয় ব্যাপক আলোচনা।

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, গত ৪ জুলাই ভারতের একটি ঘরোয়া পরিবেশে জেনিফার ও উইলিয়ামের গায়ে হলুদের অনুষ্ঠান সম্পন্ন হয়। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠানস্থলটি গাঁদা ফুল দিয়ে দৃষ্টিনন্দনভাবে সাজানো হয়েছে। পেছনে বড় অক্ষরে লেখা ছিল ‘হালদি’। তবে কঠোর নিরাপত্তার কারণে ভিডিওতে বর-কনেকে স্পষ্টভাবে দেখা যায়নি।

Advertisements

জেনিফারের ঘনিষ্ঠ সূত্র এই অনুষ্ঠানের সত্যতা নিশ্চিত করেছে বলে জানা গেছে। বিভিন্ন ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যের একটি সুন্দর গির্জায় অত্যন্ত ব্যক্তিগত ও ঘরোয়া আয়োজনে তাদের খ্রিস্টীয় রীতিতে বিয়ে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। অনুষ্ঠানে দুই পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু উপস্থিত থাকবেন।

জানা গেছে, বিয়ের বিশেষ দিনের জন্য জেনিফার একটি বিখ্যাত ডিজাইনার ব্র্যান্ড ‘কার্লিও’র কাস্টম-মেড সাদা গাউন বেছে নিয়েছেন। নিজের জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তটিকে একান্ত ব্যক্তিগত পরিসরেই উদযাপন করতে চান এই অভিনেত্রী।

এটি জেনিফার উইঙ্গেটের দ্বিতীয় বিয়ে। এর আগে ২০১২ সালের এপ্রিলে তিনি জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক ‘দিল মিল গায়ে’-এর সহ-অভিনেতা করণ সিং গ্রোভারকে বিয়ে করেছিলেন। তবে সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি। বিয়ের মাত্র দুই বছরের মাথায় ২০১৪ সালে তাদের বিচ্ছেদ হয়ে যায়।

পরবর্তীতে করণ সিং গ্রোভার বলিউড অভিনেত্রী বিপাশা বসুকে বিয়ে করেন। অন্যদিকে, বিচ্ছেদের পর গত ১২ বছর নিজের ব্যক্তিগত জীবনকে আড়ালে রেখে অভিনয় ক্যারিয়ারেই মনোযোগ দিয়েছেন জেনিফার।

নতুন সম্পর্ক ও বিয়ের খবর প্রকাশ্যে আসার পর থেকেই জেনিফারের ভক্তদের মধ্যে আনন্দ দেখা দিয়েছে। যদিও জেনিফার উইঙ্গেট কিংবা উইলিয়াম ইসমাইল কেউই এখনো বিয়ে বা ব্যক্তিগত জীবন নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি। তবুও প্রিয় অভিনেত্রীর নতুন জীবনের শুরু দেখতে অপেক্ষায় রয়েছেন তার অসংখ্য অনুরাগী।

Advertisements
অভিনেত্রীজেনিফারপ্রেমবিয়ে