বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
শিক্ষা

ভাইরাল সুহির বিরুদ্ধে জিডি, মাইলস্টোন বলছে—তিনি আমাদের ছাত্রী নন

1784198043-2da186a465f8a686cd36c807d03b7f22

এইচএসসি পরীক্ষার্থীদের চলমান আন্দোলনের সময় ‘১২ কোটি শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছি’ বক্তব্য দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসা রুবাইয়া মেহজাবিন সুহি বর্তমানে মাইলস্টোন কলেজের শিক্ষার্থী নন বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ। একই সঙ্গে প্রতিষ্ঠানের পরিচয়পত্র ব্যবহার করে আন্দোলনে অংশ নেওয়া এবং সরকারবিরোধী উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে রাজধানীর তুরাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) মাইলস্টোন কলেজের সিকিউরিটি অফিসার মুহাম্মদ জহুরুল ইসলাম কলেজ কর্তৃপক্ষের পক্ষে জিডিটি করেন। বিষয়টি নিশ্চিত করেছেন তুরাগ থানার এসআই (নিরস্ত্র) মো. আরিফুল ইসলাম রানা।

জিডিতে উল্লেখ করা হয়, রুবাইয়া মেহজাবিন সুহি ২০২৪–২৫ শিক্ষাবর্ষে মাইলস্টোন কলেজের বিজ্ঞান বিভাগের (ইংরেজি মাধ্যম) শিক্ষার্থী ছিলেন। তবে শৃঙ্খলাজনিত কারণে ঢাকা শিক্ষা বোর্ডের অনুমোদনক্রমে তাকে ট্রান্সফার সার্টিফিকেট (টিসি) দেওয়া হয়। ফলে বর্তমানে তিনি কলেজটির শিক্ষার্থী নন এবং প্রতিষ্ঠানের পরিচয় ব্যবহারেরও কোনো অধিকার তার নেই।

কলেজ কর্তৃপক্ষের দাবি, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে সুহিকে মাইলস্টোন কলেজের পরিচয়পত্র ব্যবহার করে এইচএসসি পরীক্ষা ও প্রশ্নপত্র-সংক্রান্ত আন্দোলনে অংশ নিতে এবং সরকারবিরোধী উস্কানিমূলক বক্তব্য দিতে দেখা যায়।

Advertisements

তাদের অভিযোগ, তিনি কলেজের বর্তমান শিক্ষার্থী না হওয়া সত্ত্বেও প্রতিষ্ঠানের পরিচয় ব্যবহার করায় সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। পাশাপাশি এতে কলেজের সুনাম ও ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তুরাগ থানার কাছে আবেদন জানিয়েছে মাইলস্টোন কলেজ কর্তৃপক্ষ।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনের সময় ‘১২ কোটি শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছি’—এমন বক্তব্য দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনায় আসেন রুবাইয়া মেহজাবিন সুহি। এরপর তার পরিচয় ও বক্তব্য নিয়ে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

Advertisements
এইচএসসিছাত্রীপরীক্ষার্থীমাইলস্টোনসুহি