বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনমঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
বিনোদন

শোরুম উদ্বোধনে কেনো রেগে গেলেন জারিন খান?

jareen_khan_20250727_120521876

ক্যামেরার সামনে হাসিমুখে পোজ দেওয়া তারকাদের জন্য খুবই স্বাভাবিক বিষয়। তবে সেই মুহূর্তে ব্যক্তিগত সম্মানের সীমা অতিক্রম করে কোনো মন্তব্য করা হলে তা মেনে নিতে নারাজ বলিউড অভিনেত্রী জারিন খান। সম্প্রতি একটি পোশাক ব্র্যান্ডের শোরুম উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে পাপারাজ্জিদের এক মন্তব্যে বিরক্ত হয়ে তাৎক্ষণিক প্রতিবাদ জানিয়েছেন তিনি।

মুম্বাইয়ে আয়োজিত ওই অনুষ্ঠানে নতুন পোশাকের কালেকশন উদ্বোধন করতে উপস্থিত হয়েছিলেন জারিন খান। অনুষ্ঠানে তিনি ব্র্যান্ডের নতুন ডেনিম জ্যাকেট ও পোশাক হাতে নিয়ে আলোকচিত্রীদের সামনে ছবি তুলছিলেন।

এ সময় উপস্থিত এক আলোকচিত্রী মজা করার ছলে জারিনকে উদ্দেশ্য করে বলেন, ‘ড্রেসটা পরে দেখান।’ মন্তব্যটি শুনে অভিনেত্রীর প্রতিক্রিয়ায় স্পষ্ট হয়ে ওঠে যে বিষয়টি তিনি ভালোভাবে নেননি।

জারিন সঙ্গে সঙ্গে জবাব দেন, ‘আপনাদের সামনে? সেটা হবে না।’ এরপর তিনি আরও বলেন, ‘আমার সঙ্গে এ ধরনের বাজে কথা বলবেন না। আমি এমন মানুষ নই, যে এসব সহ্য করবে। সবাই নিজের সীমার মধ্যে থাকুন।’

Advertisements

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। অনেকেই অভিনেত্রীর অবস্থানকে সমর্থন জানিয়েছেন। নেটিজেনদের একাংশের মতে, নিজের সম্মান রক্ষায় জারিনের প্রতিবাদ যথাযথ ছিল।

একজন মন্তব্য করেন, ‘জারিন ঠিকই করেছেন। এ ধরনের মন্তব্যের প্রতিবাদ করা উচিত।’ আরেকজন লেখেন, ‘পাপারাজ্জিরা কীভাবে এমন কথা বলতে পারেন?’ অনেকেই মনে করেন, অভিনেত্রী রাগ দেখাননি, বরং নিজের ব্যক্তিগত সীমা ও মর্যাদা রক্ষা করেছেন।

২০১০ সালে সালমান খানের বিপরীতে ‘বীর’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় জারিন খানের। যদিও ছবিটি বক্স অফিসে বড় সাফল্য পায়নি, তবে জারিনের উপস্থিতি দর্শকদের নজরে আসে। অভিষেকের সময় অনেকেই তাঁর চেহারার সঙ্গে অভিনেত্রী ক্যাটরিনা কাইফের মিল খুঁজে পেয়েছিলেন।

এরপর সালমান খানের সঙ্গে ‘রেডি’ সিনেমার জনপ্রিয় গান ‘ক্যারেক্টার ঢিলা’-তে অভিনয় করে আলোচনায় আসেন জারিন। পরে তিনি ‘হাউসফুল ২’, ‘হেট স্টোরি ৩’, ‘আকসার ২’, ‘১৯২১’ এবং পাঞ্জাবি সিনেমা ‘জাট জেমস বন্ড’-সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেন।

২০২১ সালে মুক্তিপ্রাপ্ত ‘হাম ভি আকেলে তুম ভি আকেলে’ ছিল বড় পর্দায় তাঁর সর্বশেষ কাজ। এরপর নিয়মিত সিনেমায় দেখা না গেলেও বিভিন্ন অনুষ্ঠান ও সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় রয়েছেন এই অভিনেত্রী।

Advertisements
অভিনেত্রীজারিন খানবলিউডশোরুম উদ্বোধনী