১৫ জুলাই একযোগে বৃক্ষরোপণ করবে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো

প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে সমন্বয় রেখে আগামী ১৫ জুলাই দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আঙিনায় তিনটি করে গাছের চারা রোপণের নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)।

সোমবার (১৩ জুলাই) অধিদপ্তরের সাধারণ প্রশাসন শাখার সহকারী পরিচালক মো. সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৫ জুলাই প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ বিতরণ অনুষ্ঠান উপলক্ষে ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী প্রতীকীভাবে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। এর সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একই সময়ে তিনটি করে গাছের চারা রোপণ করা হবে।
নির্দেশনা অনুযায়ী, প্রতিটি বিদ্যালয়ে একটি ফলদ, একটি বনজ এবং একটি ঔষধি গাছের চারা রোপণ করতে হবে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণ ও পরিবেশ সচেতনতা গড়ে তোলার লক্ষ্যেই দেশব্যাপী এ কর্মসূচি একযোগে বাস্তবায়ন করা হবে।



