দুর্যোগে মানুষ ও প্রাণীর পাশে থাকার আহ্বান জয়া আহসানের

দেশের বিভিন্ন অঞ্চলে চলমান বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বন্যাকবলিত মানুষের প্রতি সহমর্মিতা প্রকাশের পাশাপাশি সবাইকে সচেতন ও মানবিক হওয়ার আহ্বান জানিয়েছেন।

সোমবার দেওয়া ওই পোস্টে জয়া বলেন, সাম্প্রতিক সময়ে বন্যার কারণে মানুষের দুর্ভোগ, পানিবন্দি জীবন ও অসহায়ত্বের চিত্র তাকে গভীরভাবে নাড়া দিয়েছে। আশ্রয়হীন পরিবার, শিশু এবং ক্ষতিগ্রস্ত মানুষের কষ্টের কথা উল্লেখ করে তিনি বলেন, প্রকৃত চ্যালেঞ্জ শুধু বন্যার পানি কমা নয়; বরং পানি নেমে যাওয়ার পর শুরু হবে আরও বড় লড়াই।
অভিনেত্রীর মতে, বন্যা-পরবর্তী সময়ে পানিবাহিত নানা রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে। তাই এখন থেকেই নিরাপদ পানি ব্যবহার, স্বাস্থ্যবিধি মেনে চলা এবং প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের ওপর গুরুত্ব দেন তিনি।

জয়া আহসান আরও বলেন, এই দুর্যোগে সমাজের সবচেয়ে ঝুঁকিপূর্ণ মানুষ—বয়স্ক ব্যক্তি, গর্ভবতী নারী এবং শিশুদের প্রতি বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন। নোংরা পানি ও অস্বাস্থ্যকর পরিবেশ থেকে তাদের নিরাপদ রাখা এবং শারীরিক ও মানসিক সুস্থতার খোঁজ রাখার আহ্বান জানান তিনি।
মানুষের পাশাপাশি গৃহপালিত প্রাণীদের প্রতিও সহমর্মিতা দেখানোর অনুরোধ করেন এই অভিনেত্রী। তিনি বলেন, দুর্যোগের সময় প্রাণীগুলোর জন্য নিরাপদ আশ্রয় ও খাবারের ব্যবস্থা করাও মানবিক দায়িত্বের অংশ।

পোস্টের শেষদিকে জয়া আহসান আশা প্রকাশ করেন, প্রাকৃতিক দুর্যোগের এই কঠিন সময়ে মানুষ যেন মানবিকতা, সহমর্মিতা ও পারস্পরিক সহযোগিতার মানসিকতা অটুট রাখে। তার বিশ্বাস, সবাই নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করলে এই সংকটও একসময় কাটিয়ে ওঠা সম্ভব হবে।



