ভারী বৃষ্টিতে পাহাড় থেকে ৩০০ ফুট নিচে পড়ে আহত বন্য হাতি

কক্সবাজারের টেকনাফে টানা বর্ষণের মধ্যে পাহাড়ের ঢাল বেয়ে প্রায় ৩০০ ফুট নিচে পড়ে গুরুতর আহত হয়েছে একটি পূর্ণবয়স্ক বন্য মা হাতি। দুর্ঘটনায় হাতিটির পেছনের দুটি পা ভেঙে গেছে এবং পেটের অংশে গভীর ক্ষত তৈরি হয়েছে।

শনিবার (১১ জুলাই) দুপুর আড়াইটার দিকে টেকনাফ পৌরসভার নাইট্যাংপাড়ার শিয়াল্যাঘোনা পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
বন বিভাগ জানিয়েছে, আহত হাতিটির বয়স আনুমানিক ২০ থেকে ২৫ বছর। এর দৈর্ঘ্য প্রায় ৩০ ফুট এবং উচ্চতা প্রায় ১০ ফুট। আঘাতের কারণে হাতিটি দাঁড়াতে পারছে না, শুধু সামান্য নড়াচড়া করতে পারছে।
বন বিভাগের তথ্য অনুযায়ী, ওই পাহাড়ি এলাকায় এশীয় প্রজাতির অন্তত ২৩টি বন্য হাতির বিচরণ রয়েছে। ধারণা করা হচ্ছে, পাহাড়ের চূড়ায় খাদ্য সংগ্রহের সময় ভারী বৃষ্টিতে মাটি নরম হয়ে যাওয়ায় হাতিটির পা পিছলে যায়। এরপর এটি ঢাল বেয়ে নিচে গড়িয়ে পড়ে এবং পথে কয়েকটি গাছের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হয়।
বর্তমানে বন বিভাগ ও ভেটেরিনারি চিকিৎসকেরা ঘটনাস্থলেই হাতিটির চিকিৎসা দিচ্ছেন।
কক্সবাজার দক্ষিণ বন বিভাগের টেকনাফ রেঞ্জ কর্মকর্তা আব্দুর রশিদ বলেন, হাতিটিকে বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম অনীক চৌধুরী জানান, দুর্গম পাহাড়ি এলাকায় হাতিটি পড়ে থাকায় দ্রুত অন্যত্র সরিয়ে নেওয়া সম্ভব হচ্ছে না। উন্নত চিকিৎসার জন্য ডুলাহাজারা সাফারি পার্কের অভিজ্ঞ ভেটেরিনারি চিকিৎসকদের একটি বিশেষ দল টেকনাফে আনার ব্যবস্থা করা হয়েছে।



