তরুণদের অধিকার ও স্বপ্ন বাস্তবায়ন জনসংখ্যা দিবসের অঙ্গীকার

আজ ১১ জুলাই, বিশ্ব জনসংখ্যা দিবস। প্রতি বছর ১১ জুলাই বিশ্বব্যাপী পালিত হয় বিশ্ব জনসংখ্যা দিবস। জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) ঘোষিত ২০২৬ সালের আন্তর্জাতিক প্রতিপাদ্য হলো ‘রিয়েলাইজিং দ্য হোপস অ্যান্ড অ্যাস্পিরেশনস অব ইয়ং পিপল-টুডে অ্যান্ড ফর দ্য ফিউচার’, যার অর্থ তরুণদের আশা ও আকাঙ্ক্ষা উপলব্ধি করা- আজ এবং ভবিষ্যতের জন্য। এ প্রতিপাদ্যের মূল লক্ষ্য হলো তরুণদের শিক্ষা, স্বাস্থ্য, প্রজনন অধিকার ও সামগ্রিক বিকাশে বিনিয়োগের গুরুত্ব তুলে ধরা, যাতে তারা টেকসই ও সমৃদ্ধ ভবিষ্যৎ নির্মাণে কার্যকর ভূমিকা রাখতে পারে।
জাতিসংঘ ও ইউএনএফপিএ গত ৩ দশকেরও বেশি সময় ধরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে জনসংখ্যা, পরিবার পরিকল্পনা, প্রজনন স্বাস্থ্য, মা ও শিশুর স্বাস্থ্যসেবা, বাল্যবিবাহ প্রতিরোধ, মানবাধিকার, লিঙ্গবৈষম্য দূরীকরণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিশ্বব্যাপী সচেতনতা সৃষ্টি করে আসছে। এর মূল উদ্দেশ্য হলো, জনসংখ্যা বৃদ্ধি যেন নিয়ন্ত্রিত ও পরিকল্পিত থাকে এবং উন্নয়নের সঙ্গে জনসংখ্যার ভারসাম্য বজায় থাকে। বাংলাদেশেও প্রতিবছর ১১ জুলাই দিবসটি যথাযোগ্য গুরুত্বের সঙ্গে পালন করা হয়।
বর্তমান বিশ্বে প্রায় প্রতি ১০ থেকে ১৫ বছর অন্তর জনসংখ্যা ১০০ কোটি করে বৃদ্ধি পাচ্ছে। এ প্রবণতা শুরু হয় ১৯৮৭ সালে, যখন বিশ্বের জনসংখ্যা ছিল ৫০০ কোটি। এরপর ১৯৯৭ সালে ৬০০ কোটি, ২০১১ সালে ৭০০ কোটি, ২০২১ সালে ৭৯০ কোটিতে পৌঁছায়। জাতিসংঘের পূর্বাভাস অনুযায়ী, ২০৩০ সালে বিশ্ব জনসংখ্যা হবে ৮৫০ কোটি, ২০৫০ সালে ৯৭০ কোটি এবং ২১০০ সালে প্রায় ১ হাজার ৯০ কোটি।
বিশ্বের মোট জনসংখ্যা বৃদ্ধির প্রায় অর্ধেকই ঘটছে ভারত, নাইজেরিয়া, কঙ্গো, পাকিস্তান, ইথিওপিয়া, তানজানিয়া, যুক্তরাষ্ট্র, উগান্ডা ও ইন্দোনেশিয়ায়। পাশাপাশি নাইজেরিয়াকে বিশ্বের দ্রুততম জনসংখ্যা বৃদ্ধির দেশগুলোর একটি হিসেবে বিবেচনা করা হয়।
বিশ্বের বিভিন্ন দেশে প্রতি মিনিটে গড়ে প্রায় ২৫০টি শিশুর জন্ম হচ্ছে। মানুষের গড় আয়ুও ক্রমাগত বাড়ছে। ২০১০-২০১৫ সময়কালে বিশ্বে গড় আয়ু ছিল ৬৭ থেকে ৭১ বছর। ধারণা করা হচ্ছে, ২০৪৫-২০৫০ সালে তা বেড়ে ৭৭ বছর এবং ২০৯৫-২১০০ সালে প্রায় ৮৩ বছরে পৌঁছাবে।
ইউএনএফপি এর ‘বিশ্ব জনসংখ্যা পরিস্থিতি ২০২৫’ প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২৫ সাল পর্যন্ত বাংলাদেশের জনসংখ্যা দাঁড়িয়েছে ১৭ কোটি ৫৭ লাখ। প্রতি বর্গকিলোমিটারে এখানে প্রায় ১ হাজার ১৫ জন মানুষ বসবাস করছে। বর্তমানে এ দেশের মানুষের গড় আয়ু ৭২.৮ বছর। যদিও ষাটের দশক থেকে ২০২৩ সাল পর্যন্ত দেশের জনসংখ্যা বৃদ্ধির হার ১.৩৭ শতাংশে নেমে এসেছে, তবুও জনঘনত্বের দিক থেকে বিশ্বের অন্যতম শীর্ষ দেশ বাংলাদেশের জন্য জনসংখ্যা বৃদ্ধি খুব চ্যালেঞ্জিং ব্যপার। ২০৫০ সাল নাগাদ এ দেশের অবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে, তা শঙ্কার ব্যপারই বটে!



