ঐতিহ্যবাহী শীতলপাটি নিয়ে রাজধানীতে ব্যতিক্রমী প্রদর্শনী

বাংলার লোকঐতিহ্যের অন্যতম গুরুত্বপূর্ণ অনুষঙ্গ শীতলপাটিকে সমকালীন শিল্প, ফ্যাশন ও নকশার ভাষায় নতুনভাবে উপস্থাপনের লক্ষ্য নিয়ে রাজধানীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘শীতলপাটি’ প্রদর্শনী। বৃহস্পতিবার ধানমন্ডির সফিউদ্দিন শিল্পালয়ে শুরু হওয়া এ আয়োজনের উদ্যোক্তা ফ্যাশন ডিজাইনার এমডি ফয়সাল। দীর্ঘদিনের গবেষণা, পর্যবেক্ষণ ও সৃজনশীল অনুসন্ধানের ভিত্তিতে তিনি শীতলপাটির ঐতিহ্য, বুননশৈলী এবং নান্দনিকতাকে সমকালীন শিল্পচর্চার সঙ্গে নতুনভাবে উপস্থাপন করেছেন।

দুপুর ১২টায় প্রদর্শনীর উদ্বোধন করেন মমতাজ সুলতানা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পী ও গবেষক শাওন আকন্দ, শীতলপাটি কারুশিল্পী শ্রী কালা চাঁদ দাস এবং আরতি রানী দাস।
আয়োজকরা জানান, প্রদর্শনীটি শনিবার পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত এটি সবার জন্য উন্মুক্ত থাকবে।

প্রায় ২৫ বছর ধরে ফ্যাশন ডিজাইনের সঙ্গে যুক্ত এমডি ফয়সাল মনে করেন, নকশা শুধু নান্দনিকতার বিষয় নয়; এটি সমাজ, সংস্কৃতি, ইতিহাস এবং মানুষের জীবনবোধের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। এই ভাবনা থেকেই তিনি ২০২৩ সালে বাংলাদেশের ঐতিহ্যবাহী শীতলপাটিকে কেন্দ্র করে গবেষণা শুরু করেন।
গত কয়েক বছরে তিনি শীতলপাটির বুননশৈলী, নকশা, ইতিহাস ও শিল্পভাষা নিয়ে বিস্তৃতভাবে কাজ করেছেন। সেই গবেষণার আলোকে শীতলপাটির ঐতিহ্যকে সমকালীন ফ্যাশন, শিল্প ও নকশার সঙ্গে যুক্ত করে নতুনভাবে উপস্থাপনের চেষ্টা করেছেন। প্রদর্শনীতে তার সেই গবেষণা ও সৃজনশীল কাজের নির্বাচিত অংশ স্থান পেয়েছে। এখানে শীতলপাটির ঐতিহ্যবাহী বুনন ও নকশাকে আধুনিক শিল্পভাষায় রূপান্তরের বিভিন্ন প্রয়াসও তুলে ধরা হয়েছে।

প্রদর্শনী সম্পর্কে এমডি ফয়সাল বলেন, এটি শুধু একটি শিল্পপ্রদর্শনী নয়, বরং নতুন প্রজন্মের কাছে বাংলার সমৃদ্ধ ঐতিহ্যকে নতুন দৃষ্টিভঙ্গিতে পরিচয় করিয়ে দেওয়ার একটি আন্তরিক প্রয়াস।
বাংলাদেশের শীতলপাটির বুননশিল্প ইতোমধ্যে ইউনেসকোর মানবজাতির অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি পেয়েছে। সেই ঐতিহ্যকে টিকিয়ে রাখতে যেসব কারুশিল্পী দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন, তাদের অবদানও এই প্রদর্শনীতে বিশেষভাবে তুলে ধরা হয়েছে।
আয়োজনের অন্যতম আকর্ষণ হিসেবে রাখা হয়েছে লাইভ শীতলপাটি বুনন প্রদর্শনী। এতে দর্শনার্থীরা সরাসরি শীতলপাটি তৈরির পুরো প্রক্রিয়া, এর সূক্ষ্ম বুননকৌশল এবং কারুশিল্পীদের নিখুঁত দক্ষতা কাছ থেকে দেখার সুযোগ পাচ্ছেন।



