৬০ বছরের দেবরকে বিয়ের দাবিতে ৪৮ বছরের ভাবির অনশন

দিনাজপুরের হিলিতে বিয়ের দাবিতে এক বৃদ্ধের বাড়ির সামনে অবস্থান নিয়েছেন ৪৮ বছর বয়সী এক নারী। বুধবার সকাল থেকে হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নের ওই নারী এমাজুল হকের (৬০) বাড়ির সামনে অবস্থান নিলে বিষয়টি জানাজানি হয়। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই নারী ও এমাজুল হক সম্পর্কে দেবর-ভাবি। বিয়ের দাবিতে ওই নারী সেখানে অবস্থান নিলে এলাকায় কৌতূহল ও উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ দুজনকেই থানায় নিয়ে যায়।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, প্রায় এক বছর ধরে মোবাইল ফোনে তাদের মধ্যে যোগাযোগ ছিল। একপর্যায়ে তাদের মধ্যে সম্পর্ক তৈরি হয়। পরে ওই নারী বিয়ের জন্য চাপ দিলেও এমাজুল হক রাজি হচ্ছিলেন না। এ কারণে তিনি তাঁর বাড়ির সামনে এসে বিয়ের দাবিতে অবস্থান নেন।
ওসি আরও জানান, ঘটনাস্থলে স্থানীয় মানুষের ভিড় জমে গেলে পরিস্থিতি কিছুটা উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। পরে পুলিশ দুজনকে থানায় নিয়ে আসে এবং উভয় পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের উদ্যোগ নেয়।
পুলিশের পরামর্শ অনুযায়ী, বৃহস্পতিবার মধ্যরাতে পারিবারিকভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হবে—এমন আশ্বাসের পর দুজনকে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।
আলীহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল ইমরান জানান, দুই পক্ষের আলোচনায় এক লাখ টাকা দেনমোহর নির্ধারণ করে তাদের বিয়ের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তবে ওই নারীর পরিবারের কোনো অভিভাবক এখনো তাঁর সঙ্গে যোগাযোগ করেননি।
জানা গেছে, এমাজুল হক পেশায় কৃষক। তিনি এক সন্তানের বাবা। অন্যদিকে ওই নারী তিন সন্তানের জননী। দুই পরিবারের আলোচনার মাধ্যমে সামাজিকভাবে বিষয়টির সমাধানের চেষ্টা চলছে।



