বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনমঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
বিনোদন

বিয়েতে উপহার হিসেবে গৌরী পেয়েছেন বিরল রুবির আংটি, আছে ৪০টি প্রাকৃতিক হীরা

IMG_2225

জাঁকজমকপূর্ণ আয়োজন নয়, একেবারেই ঘরোয়া পরিবেশে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন বলিউড তারকা আমির খান ও গৌরী স্প্র্যাট। তবে বিয়ের সরল আয়োজনের চেয়ে বেশি আলোচনায় এসেছে গৌরীর হাতে থাকা ব্যতিক্রমী বিয়ের আংটি।

গত ৫ জুলাই মুম্বাইয়ের পালি হিলে নিজ বাসভবনে নিবন্ধনের মাধ্যমে দীর্ঘদিনের সঙ্গী গৌরী স্প্র্যাটকে বিয়ে করেন ৬১ বছর বয়সী আমির খান। দুই পরিবারের সদস্য, তিন সন্তান ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে সম্পন্ন হয় বিয়ের আনুষ্ঠানিকতা।

বিয়ের ছবি ও ভিডিও প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে গৌরীর অনামিকায় থাকা আংটিটি নিয়ে শুরু হয় আলোচনা। ভারতীয় গণমাধ্যমের তথ্যমতে, এটি আমির খানের বিশেষ উপহার।

আন্তর্জাতিক বিলাসবহুল গয়নার ব্র্যান্ড ‘কুইন’ আংটিটি তৈরি করেছে। এতে ব্যবহার করা হয়েছে মাদাগাস্কার থেকে সংগ্রহ করা বিরল প্রাকৃতিক ক্যাবোশন-কাট রুবি। রুবিটির চারপাশে বসানো হয়েছে ৪০টি প্রাকৃতিক হীরা। ব্র্যান্ডটির দাবি, উপযুক্ত রুবি খুঁজে পেতে তিন মাসের বেশি সময় লেগেছে।

Advertisements

এ ছাড়া আংটিটি তৈরিতে কাজ করেছেন ১৩১ জন দক্ষ কারুশিল্পী। হাতে তৈরি এই গয়না সম্পন্ন করতে সময় লেগেছে প্রায় ২৫৬ ঘণ্টা। নির্মাতাদের ভাষ্য, এটি শুধু একটি বিয়ের আংটি নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণযোগ্য একটি পারিবারিক ঐতিহ্য হিসেবেও ভাবা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, গৌরীর ব্যক্তিগত রুচি ও আমির খানের পছন্দকে সামনে রেখে আংটির নকশা চূড়ান্ত করা হয়েছে। তাদের সম্পর্কের গভীরতার প্রতীক হিসেবেই বিরল রুবি ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রায় ২৫ বছরের পরিচয়ের পর কয়েক বছর আগে আবার কাছাকাছি আসেন আমির খান ও গৌরী স্প্র্যাট। পরে সেই বন্ধুত্ব ভালোবাসায় রূপ নেয়। ২০২৫ সালে নিজের ৬০তম জন্মদিনে প্রথমবার গৌরীর সঙ্গে সম্পর্কের কথা প্রকাশ করেছিলেন আমির।

Advertisements
আমির খানগৌরী স্প্র্যাটবলিউড