এশিয়ার সেরা ইংরেজি অলিম্পিয়াডে বাংলাদেশের সামিনা

মাত্র দ্বিতীয় শ্রেণির একজন শিক্ষার্থী। যে বয়সে অধিকাংশ শিশুর দিন কাটে পড়াশোনা, খেলাধুলা আর গল্পের বই নিয়ে, সেই বয়সেই আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের পতাকা উড়িয়েছে গাজীপুরের ছোট্ট মেয়ে সামিনা নূর তাজ। ইংরেজি ভাষার অন্যতম আন্তর্জাতিক প্রতিযোগিতা HIPPO International English Language Olympiad-এর এশিয়া আঞ্চলিক পর্বে প্রথম স্থান অর্জন করে দেশজুড়ে প্রশংসা কুড়িয়েছে সে। এই অর্জনের ফলে ইতালিতে অনুষ্ঠিতব্য বিশ্বপর্বে অংশ নেওয়ার সুযোগও পেয়েছে সামিনা।
গাজীপুরের কালিয়াকৈরের আফাজউদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী সামিনা শুরু থেকেই ইংরেজি ভাষা শেখার প্রতি আগ্রহী ছিল। পরিবারের উৎসাহ, শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধান এবং নিজের পরিশ্রম তাকে ধাপে ধাপে এগিয়ে নিয়ে যায় আন্তর্জাতিক প্রতিযোগিতার মঞ্চে। প্রথমে বাংলাদেশে বাছাইপর্ব, এরপর জাতীয় পর্ব এবং সেখান থেকে এশিয়া আঞ্চলিক রাউন্ডে অংশ নিয়ে অসাধারণ সাফল্য অর্জন করে সে।
HIPPO Olympiad বিশ্বের অন্যতম পরিচিত ইংরেজি ভাষা প্রতিযোগিতা। প্রতিবছর বহু দেশের শিক্ষার্থীরা এতে অংশ নেয়। প্রতিযোগিতাটি শুধু ব্যাকরণ নয়, বরং পড়ে বোঝা, ভাষা ব্যবহার এবং যোগাযোগ দক্ষতারও মূল্যায়ন করে। বিভিন্ন বয়সভিত্তিক ক্যাটাগরিতে শিক্ষার্থীরা প্রতিযোগিতা করে এবং জাতীয় পর্ব পেরিয়ে মহাদেশীয় ও বিশ্বপর্বে অংশ নেওয়ার সুযোগ পায়।
তাজের পরিবার জানায়, তার এ সাফল্যের পেছনে বিদ্যালয়ের চেয়ারম্যান আলহাজ মো. জালিল উদ্দিন, অধ্যক্ষ দিলওয়ার হোসেন, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক পবিত্র কুমার বাকালীসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকার আন্তরিক দিকনির্দেশনা ও সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
এ বিষয়ে বিদ্যালয়ের চেয়ারম্যান আলহাজ মো. জালিল উদ্দিন বলেন, সামিনা নূর তাজের এই অর্জন শুধু আমাদের প্রতিষ্ঠানের নয়, গাজীপুর তথা বাংলাদেশের জন্যও গর্বের বিষয়। আমরা আশা করি, বিশ্বপর্যায়েও সে তার মেধার স্বাক্ষর রেখে দেশের জন্য আরও সুনাম বয়ে আনবে।



