খুশকিমুক্ত ও স্বাস্থ্যকর চুলের জন্য বর্ষায় শিশুর যত্নে যা করবেন

বর্ষাকালে আর্দ্রতা বেড়ে যাওয়ার কারণে শুধু বড়দের নয়, শিশুদের মাথার ত্বকেও নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে। এর মধ্যে খুশকি অন্যতম। অনেক অভিভাবকই শিশুর মাথায় খুশকি দেখে চিন্তিত হয়ে পড়েন। তবে সঠিক যত্ন ও কিছু নিয়ম মেনে চললে বর্ষার এই সমস্যা সহজেই নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

শিশুর মাথার ত্বকে খুশকি হওয়ার অন্যতম কারণ হলো নিয়মিত ও সঠিকভাবে চুল পরিষ্কার না করা। চুল ভালোভাবে শ্যাম্পু না করলে মাথার ত্বকে জমে থাকা মরা কোষ, ঘাম ও ময়লা ধীরে ধীরে জমে গিয়ে খুশকির স্তর তৈরি করতে পারে। বর্ষার স্যাঁতসেঁতে আবহাওয়ায় এই সমস্যা আরও বেড়ে যায়।
এ ছাড়া শিশুর খাদ্যাভ্যাসও খুশকির ওপর প্রভাব ফেলে। যেসব শিশু পুষ্টিকর খাবারের পরিবর্তে বেশি পরিমাণে ফাস্ট ফুড বা জাঙ্ক ফুড খায়, তাদের মাথার ত্বক শুষ্ক হয়ে যাওয়া, চুলকানি ও খুশকির সমস্যা বেশি দেখা দিতে পারে। আবার শিশুর ত্বকের উপযোগী নয় এমন শ্যাম্পু ব্যবহার করলেও মাথার ত্বকে অস্বস্তি তৈরি হতে পারে।
খুশকি দীর্ঘদিন থাকলে মাথার ত্বকে চুলকানি, লালচে ভাব, জ্বালাপোড়া এমনকি চুল পড়ার সমস্যাও দেখা দিতে পারে। তাই শুরু থেকেই শিশুর চুলের যত্নে সচেতন হওয়া জরুরি।
শিশুর চুল খুশকিমুক্ত রাখার উপায়
নিয়মিত পরিষ্কার রাখুন
শিশুর মাথায় কতটা ঘাম হয়, তার ওপর নির্ভর করে চুল পরিষ্কার করার অভ্যাস তৈরি করতে হবে। সাধারণত সপ্তাহে অন্তত দুই থেকে তিন দিন শিশুর উপযোগী কোমল শ্যাম্পু দিয়ে চুল পরিষ্কার করা যেতে পারে। মাথার ত্বকে ঘাম জমে থাকতে দেওয়া উচিত নয়।
শ্যাম্পু করার আগে মোটা দাঁতের চিরুনি দিয়ে আলতোভাবে চুল আঁচড়ে নিলে মাথার ওপরের মরা কোষ কিছুটা দূর হয় এবং চুল পরিষ্কার করা সহজ হয়।
প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ নিন
যদি সাধারণ যত্ন নেওয়ার পরও খুশকি না কমে বা সমস্যা বেড়ে যায়, তাহলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মেডিকেটেড শ্যাম্পু ব্যবহার করতে হবে। নিজের ইচ্ছায় কোনো ওষুধ বা শক্তিশালী শ্যাম্পু ব্যবহার করা ঠিক নয়।
শিশুর খাবারে নজর দিন
চুল ও মাথার ত্বকের সুস্থতার জন্য শিশুর খাবারে পর্যাপ্ত পুষ্টি থাকা জরুরি। খাদ্যতালিকায় সবুজ শাকসবজি, ডিম, মাছ, মাংস, ডালসহ প্রোটিনসমৃদ্ধ খাবার রাখতে হবে। পাশাপাশি প্রয়োজনীয় শর্করা ও ভিটামিনসমৃদ্ধ খাবারও দিতে হবে।
পর্যাপ্ত পানি পান করান
শরীরে পানির ঘাটতি হলেও ত্বক শুষ্ক হয়ে যেতে পারে, যার ফলে খুশকির সমস্যা বাড়ে। তাই শিশুকে পর্যাপ্ত পানি, ফলের রস ও পানিযুক্ত ফল খেতে দিতে হবে।

শিশুর চুলের যত্নে মেনে চলুন কিছু নিয়ম
- শিশুর চিরুনি, তোয়ালে ও ব্যক্তিগত ব্যবহার্য জিনিস আলাদা রাখুন।
- নিয়মিত চিরুনি পরিষ্কার করুন, যাতে জীবাণু বা ময়লা জমে না থাকে।
- শিশুর মাথার ত্বক অতিরিক্ত শুষ্ক হলে সপ্তাহে কয়েক দিন নারকেল তেল দিয়ে হালকা ম্যাসাজ করা যেতে পারে।
- চুলে অতিরিক্ত তেল ব্যবহার করবেন না, কারণ এতে ধুলো-ময়লা জমে খুশকি বাড়তে পারে।
- শিশুর জন্য সবসময় কোমল ও মাইল্ড শ্যাম্পু ব্যবহার করুন, যা মাথার ত্বক শুষ্ক করে না।
ঘরোয়া যত্নে সতর্কতা
অনেকে খুশকি কমাতে বিভিন্ন ঘরোয়া উপাদান ব্যবহার করেন। অ্যালোভেরা জেল, নিমপাতার রস বা অন্যান্য প্রাকৃতিক উপাদান ব্যবহারের আগে শিশুর ত্বকে অ্যালার্জি আছে কি না, তা খেয়াল করা জরুরি। কোনো উপাদান ব্যবহারে অস্বস্তি, জ্বালা বা লালচে ভাব দেখা দিলে তা বন্ধ করতে হবে।



