নারী আয়োজকের ঘোষণায় চমকে গেলেন আর্জেন্টিনা কোচ স্কালোনি

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সংবাদ সম্মেলন মানেই বাড়তি আগ্রহ। বিশ্বকাপের শিরোপা ধরে রাখার অভিযানে দলটির প্রস্তুতি, কৌশল ও বর্তমান অবস্থা নিয়ে সাংবাদিকদের আগ্রহের কমতি নেই। তবে এবার লিওনেল স্কালোনির সংবাদ সম্মেলনে ঘটে গেল একটি ভিন্ন ঘটনা, যা কিছুটা অবাক করেছে আর্জেন্টিনা কোচকেও।
বাংলাদেশ সময় আজ রাত ১০টায় আটলান্টায় বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে মিসরের মুখোমুখি হবে আর্জেন্টিনা। ম্যাচের আগে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছিলেন স্কালোনি। স্বাভাবিকভাবেই তাকে ঘিরে ছিলেন অসংখ্য আলোকচিত্রী।
সংবাদ সম্মেলনে বিশ্বকাপের দলগুলোর পারফরম্যান্স নিয়ে এক প্রশ্নের উত্তর দিচ্ছিলেন স্কালোনি। ঠিক তখনই আয়োজকদের একজন নারী মাইক্রোফোন হাতে ঘোষণা দেন, ‘অনুগ্রহ করে ফটোগ্রাফারদের কক্ষ ত্যাগ করার অনুরোধ করা হচ্ছে। ধন্যবাদ।’
হঠাৎ এমন ঘোষণায় কিছু সময়ের জন্য থেমে যায় সংবাদ সম্মেলনের স্বাভাবিক পরিবেশ। সে সময় স্কালোনি টেবিলে রাখা পানির বোতল থেকে পানি পান করছিলেন। ঘোষণাটি শুনে বিস্ময়ে ভ্রু উঁচু করেন তিনি। পরে ওই ঘোষণার ধরন নিয়ে মৃদু হাসি দিয়ে বলেন, ‘কঠোর।’
স্কালোনির পাশে তখন দাঁড়িয়ে ছিলেন আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) যোগাযোগ পরিচালক নিকোলাস নোভেলো। বিষয়টি নিয়ে তার দিকে তাকিয়ে হালকা হাসিও দেন আর্জেন্টিনা কোচ।
এদিকে মিসর ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ব্রাজিলের বিদায় নিয়েও কথা বলেছেন স্কালোনি। নকআউট পর্বে কোনো দলকেই এগিয়ে রাখতে চান না তিনি। তার মতে, বিশ্বকাপে যেকোনো মুহূর্তে যেকোনো ফল হতে পারে। এর উদাহরণ হিসেবে তিনি দেখছেন ব্রাজিলের বিদায় এবং প্যারাগুয়ের জার্মানিকে হারানোর ঘটনাকে।
এবারের বিশ্বকাপ ইতোমধ্যেই শেষ আটের পথে এগিয়ে গেছে। ফ্রান্স, মরক্কো, স্পেন, বেলজিয়াম, নরওয়ে ও ইংল্যান্ড কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করেছে। বাকি দুটি জায়গার জন্য লড়াইয়ে রয়েছে আর্জেন্টিনা-মিসর এবং সুইজারল্যান্ড-কলম্বিয়া।
আটলান্টায় আর্জেন্টিনা ও মিসরের ম্যাচের পর ভ্যাঙ্কুভারে মুখোমুখি হবে সুইজারল্যান্ড ও কলম্বিয়া। এবারের আসরে দুই দলই এখন পর্যন্ত অপরাজিত রয়েছে।



