সাই পল্লবীর সঙ্গে নতুন যাত্রা বিজয় সেতুপতির

অভিনয়ের প্রতি ভালোবাসা আর নতুন চ্যালেঞ্জ নেওয়ার আগ্রহই শিল্পীদের ছুটিয়ে নিয়ে যায় নতুন নতুন গন্তব্যে। সেই ধারাবাহিকতায় দক্ষিণ ভারতীয় জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী এবার পাড়ি জমাচ্ছেন কলকাতায়। অভিনয়ের নতুন অধ্যায়ে তার সঙ্গী হচ্ছেন দক্ষিণী তারকা বিজয় সেতুপতি।

ভারতের একাধিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, স্বনামধন্য নির্মাতা মণি রত্নম তার নতুন সিনেমার শুটিংয়ের জন্য কলকাতাকে বেছে নিয়েছেন। সিনেমাটিতে প্রধান দুই চরিত্রে অভিনয় করবেন সাই পল্লবী ও বিজয় সেতুপতি। তাদের পাশাপাশি কলকাতার কয়েকজন অভিনেতাকেও দেখা যাবে এই সিনেমায়। মণি রত্নমের প্রযোজনা প্রতিষ্ঠান মাদ্রাজ টকিজের নতুন এই সিনেমার নাম রাখা হয়েছে ‘মাদ্রাজ টকিজ প্রোডাকশন নাম্বার ২৩’।
চলতি মাসেই সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। এর চিত্রগ্রহণের দায়িত্বে থাকছেন কলকাতার পরিচিত চিত্রগ্রাহক অভীক মুখোপাধ্যায়।
জানা গেছে, সিনেমাটি একাধিক ভাষায় মুক্তির পরিকল্পনা রয়েছে নির্মাতাদের। বাংলাতেও ডাব করে মুক্তি দেওয়া হবে এটি। তবে সাই পল্লবী নিজ কণ্ঠে বাংলা সংলাপ রেকর্ড করবেন কি না, তা এখনো নিশ্চিত নয়।

এর আগে হিন্দি ভাষায় কথা বলার ধরন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়েছিলেন সাই পল্লবী। মুম্বাইয়ে একটি প্রচারণামূলক অনুষ্ঠানে তার হিন্দি উচ্চারণ নিয়ে শুরু হয়েছিল আলোচনা। নীতেশ তিওয়ারির বহুল প্রতীক্ষিত ‘রামায়ণ’ সিনেমায় সীতা চরিত্রে অভিনয় করছেন তিনি, আর সেই কারণেও তার ভাষাগত দক্ষতা নিয়ে আগ্রহ তৈরি হয়েছে দর্শকদের মধ্যে।
তবে সমালোচনার বাইরে সাই পল্লবী বরাবরই তার স্বাভাবিক অভিনয় দক্ষতা ও পর্দায় উপস্থিতির জন্য প্রশংসিত। সম্প্রতি আমির খান প্রোডাকশনের সিনেমা ‘এক দিন’-এ অভিনয় করেও আলোচনায় এসেছেন তিনি। সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করেছেন আমির খানের ছেলে জুনাইদ খান।
এবার মণি রত্নমের নতুন সিনেমার মাধ্যমে কলকাতার প্রেক্ষাপটে সাই পল্লবী ও বিজয় সেতুপতির নতুন জুটি দর্শকদের সামনে আসতে যাচ্ছে। সিনেমাটি ঘিরে ইতোমধ্যেই তৈরি হয়েছে আগ্রহ।



