বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনসোমবার, ৬ জুলাই, ২০২৬
বিনোদন

স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় যাহের আলভীর জামিন নামঞ্জুর

IMG_2118

স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে দায়ের করা মামলায় ছোট পর্দার অভিনেতা মো. নিয়ামত উল্লাহ ভূঁইয়া, যিনি যাহের আলভী নামে পরিচিত, তার জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

সোমবার ঢাকার মহানগর দায়রা জজ শাহজাহান কবির শুনানি শেষে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ। আদালতে যাহের আলভীর পক্ষে জামিন আবেদন করেন আইনজীবী শেখ রোবায়েত ইসলাম। রাষ্ট্রপক্ষের বিরোধিতার পর আদালত আবেদন খারিজ করে দেন।

এর আগে গত ১৮ জুন আত্মসমর্পণ করলে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করলে ২৪ জুন আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে ৩০ জুন তাকে আবার কারাগারে পাঠানো হয়।

মামলার এজাহার অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুর ডিওএইচএসের একটি বাসা থেকে যাহের আলভীর স্ত্রী ইকরার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisements

ঘটনার দিনই ইকরার বাবা কবির হায়াত খান পল্লবী থানায় মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, দীর্ঘদিনের পারিবারিক কলহ ও বিভিন্ন ধরনের নির্যাতনের কারণে ইকরা আত্মহত্যা করতে বাধ্য হন।

উল্লেখ্য, যাহের আলভী ও ইকরা ২০১০ সালে বিয়ে করেন। তাদের এক ছেলে রয়েছে। এ মামলায় গত ৪ জুন যাহের আলভীর মা নাসরিন সুলতানা শিউলি আত্মসমর্পণ করলে আদালত তাকে জামিন দেন।

Advertisements
আত্মহত্যাআলভিইকরা