বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
বিনোদন

‘একদম পারফেক্ট না হওয়া পর্যন্ত সে বিয়ে করেই যাবে’- আমিরকে নিয়ে সালমানের মন্তব্য

images

বলিউড অভিনেতা আমির খানের তৃতীয় বিয়ের পর নতুন করে আলোচনায় এসেছে সালমান খানের একটি পুরোনো মন্তব্য। কয়েক বছর আগে জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান ‘দ্য কপিল শর্মা শো’-তে মজার ছলে বলা সেই মন্তব্য এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, অনুষ্ঠানে সঞ্চালক কপিল শর্মা আমির খানের প্রসঙ্গ তুললে সালমান খান রসিকতা করে বলেন, ‘আমির একজন পারফেকশনিস্ট। বিয়ে একদম পারফেক্ট না হওয়া পর্যন্ত সে বিয়ে করেই যাবে।’ সালমানের এই মন্তব্যে তখন স্টুডিওজুড়ে হাসির রোল পড়ে।

সম্প্রতি দীর্ঘদিনের সঙ্গী গৌরী স্প্র্যাটকে বিয়ে করেছেন আমির খান। মুম্বাইয়ে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এরপরই সামাজিক মাধ্যমে ফের ছড়িয়ে পড়ে সালমানের ওই পুরোনো ভিডিও। অনেক নেটিজেনের মতে, মজার ছলে বলা সেই মন্তব্য যেন সময়ের সঙ্গে নতুন মাত্রা পেয়েছে।

এর আগে আমির খান প্রথমে রীনা দত্তকে বিয়ে করেন। পরে সেই সংসার ভেঙে গেলে ২০০৫ সালে নির্মাতা কিরণ রাওকে বিয়ে করেন তিনি। ২০২১ সালে তাদের বিচ্ছেদ হয়। এরপর দীর্ঘদিনের বন্ধু গৌরী স্প্র্যাটের সঙ্গে সম্পর্কে জড়িয়ে অবশেষে তাকে জীবনসঙ্গী করেন এই অভিনেতা।

অন্যদিকে, ৬০ বছর বয়সেও সালমান খান এখনো অবিবাহিত। ব্যক্তিগত জীবনে একাধিক সম্পর্কের গুঞ্জন থাকলেও তিনি কখনো বিয়ে করেননি। বিয়ের প্রসঙ্গ উঠলেই বরাবরের মতো রসিকতার আশ্রয় নেন এই বলিউড সুপারস্টার। আর সে কারণেই আমিরকে নিয়ে তার পুরোনো মন্তব্যটি আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে।