বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
বিনোদন

জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যের অভিযোগে শাওন-মাহি-সহ তিনজনের বিরুদ্ধে জিডি দায়ের

6a48b2a4addee

অভিনেত্রী মেহের আফরোজ শাওন, মাহিয়া মাহি এবং শান্তা ফারজানা নামের এক নারীর বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় লিখিত অভিযোগ (জিডি) দায়ের করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, তারা সামাজিক যোগাযোগমাধ্যমে জুলাই আন্দোলনকে নিয়ে অবমাননাকর মন্তব্য করেছেন এবং অপপ্রচার চালিয়েছেন।

শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান। তিনি জানান, অভিযোগটি সাধারণ ডায়েরি (জিডি) হিসেবে গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে শুক্রবার সকালে ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’ নামে একটি সংগঠনের তিনজন প্রতিনিধি এ অভিযোগ দায়ের করেন। তারা হলেন সংগঠনের কেন্দ্রীয় সদস্য সচিব আ ন ম আয়াস, কেন্দ্রীয় সংগঠক তুহিন ফরাজী এবং কেন্দ্রীয় মুখ্য সংগঠক মুহাম্মদ শাহ আলম বাদশা।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, অভিযুক্ত ব্যক্তিরা সামাজিক যোগাযোগমাধ্যমে জুলাই আন্দোলনকে কটাক্ষ করে বিভিন্ন পোস্ট ও বক্তব্য দিয়েছেন, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে এবং আন্দোলনের চেতনাকে প্রশ্নবিদ্ধ করেছে।

থানা সূত্রে জানা গেছে, বিষয়টির গুরুত্ব বিবেচনায় তদন্ত কার্যক্রম শুরু করা হয়েছে। একই সঙ্গে অভিযোগটি পরবর্তী যাচাই-বাছাইয়ের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাইবার ক্রাইম ইউনিটে পাঠানো হয়েছে।

সাইবার ইউনিট সংশ্লিষ্ট সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট, বক্তব্য এবং লিংকগুলো বিশ্লেষণ করে যাচাই করবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।