৫ অক্টোবর, ২০২৬ | সোমবারবাংলা: ২০ আশ্বিন ১৪৩৩
বিবিধ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেশি-বিদেশি মিলিয়ে ২৭৭ প্রজাতির বৃক্ষ

du-2-20240428145731

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ২৭৭ প্রজাতির মোট ১৭ হাজার ১৬১টি বৃক্ষ রয়েছে বলে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় বৃক্ষ শুমারি ২০২৫’-এ উঠে এসেছে। দীর্ঘ প্রায় এক বছরের এই শুমারি পরিচালনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবরি কালচার সেন্টার।

শুমারির তথ্য অনুযায়ী, ক্যাম্পাসে মোট ৬২ গোত্রের ২৭৭ প্রজাতির গাছ শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ৫৮ শতাংশ প্রজাতি দেশি এবং ৪২ শতাংশ বিদেশি। তবে সংখ্যার হিসাবে দেশি গাছ ৫৪ শতাংশ এবং বিদেশি ৪৬ শতাংশ।

পুরো ক্যাম্পাসকে পাঁচটি প্রধান ইউনিট ও ৪৫টিরও বেশি উপ-ইউনিটে ভাগ করে প্রতিটি বৃক্ষের তথ্য সংগ্রহ করা হয়। গবেষণায় দেখা যায়, সবচেয়ে বেশি থাকা ১৫ প্রজাতির মধ্যে পাঁচটি বিদেশি বৃক্ষ রয়েছে, যেমন মেহগনি, দেবদারু, ম্যাকারথুরি পাম, রেইনট্রি ও সেগুন।

শুমারিতে আরও বলা হয়েছে, ক্যাম্পাসের মোট ভূ-উপরিস্থিত বায়োমাস প্রায় ৯ হাজার ৯০০ মেট্রিক টন, ভূগর্ভস্থ বায়োমাস ২ হাজার ৩৭০ মেট্রিক টন এবং মোট কার্বন মজুত ৪ হাজার ৬৫০ মেট্রিক টন। বায়োমাসের দিক থেকে দেশি ও বিদেশি গাছের অনুপাত যথাক্রমে ২১.৫০ ও ৭৮.৫০ শতাংশ।

গাছগুলোর ব্যবহারভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ২৫ শতাংশ ফলদ, ২২ শতাংশ প্রাণিকুলে উপযোগী, ২১ শতাংশ ঔষধি, ২০ শতাংশ কাঠ উৎপাদনকারী এবং ১২ শতাংশ শোভাবর্ধনকারী বৃক্ষ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত অনুষ্ঠানে এই শুমারির ফলাফল প্রকাশ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ-উপাচার্য (প্রশাসন) মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, সহ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক আবদুস সালাম এবং কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম চৌধুরী। শুমারির নেতৃত্ব দেন অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন।

Advertisements
Advertisements