বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনমঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
বিনোদন

নয় বছরের সংসারের ইতি, বিচ্ছেদের কারণ জানালেন অভিনেত্রী

নয় বছরের সংসারের ইতি, বিচ্ছেদের কারণ জানালেন অভিনেত্রী

ভারতের আলোচিত তারকা দম্পতি আকাঙ্ক্ষা চামোলো ও গৌরব খান্নার নয় বছরের দাম্পত্য জীবনের ইতি ঘটতে চলেছে। রিয়েলিটি শো ‘লক আপ: সাচ ইয়া সাজা’র প্রিমিয়ার পর্বে আকাঙ্ক্ষা নিজেই তাদের বিচ্ছেদের খবর প্রকাশ্যে আনেন। প্রায় এক দশকের দাম্পত্য জীবনের পর বিচ্ছেদের সিদ্ধান্তের কারণ নিজেই প্রকাশ করেছেন আকাঙ্ক্ষা।

তার মতে, তিনি কখনোই মা হওয়ার তীব্র আকাঙ্ক্ষা অনুভব করেননি, অন্যদিকে গৌরব এখন সন্তান চান। এই মৌলিক মতপার্থক্যই তাদের বিচ্ছেদের প্রধান কারণ।

সম্প্রতি ‘লক আপ’–এর দ্বিতীয় মৌসুমে অংশ নিয়ে আকাঙ্ক্ষা নিজের ব্যক্তিগত জীবনের এই অধ্যায় নিয়ে খোলামেলা কথা বলেন। অনুষ্ঠানে সহপ্রতিযোগীদের সঙ্গে আলাপচারিতায় তিনি জানান, বিয়ের সময় থেকেই মাতৃত্ব নিয়ে তার মনে বিশেষ কোনো টান ছিল না।

আকাঙ্ক্ষার কথায়, শুরুতে তিনি ভেবেছিলেন সময়ের সঙ্গে হয়তো মাতৃত্ববোধ তৈরি হবে। কিন্তু ধীরে ধীরে বুঝতে পারেন, তিনি আসলে মা হওয়ার জন্য নিজেকে প্রস্তুত মনে করেন না। সেই উপলব্ধির কথা অনেক আগেই গৌরবকে জানিয়েছিলেন।

Advertisements

অভিনেত্রীর মতে, ‘যখন বুঝলাম, আমি এই দায়িত্বের জন্য তৈরি নই, তখনই ওকে পরিষ্কার বলেছিলাম। এখন গৌরব সন্তান চায়, কিন্তু আমি তাকে সেটা দিতে পারব না। তাই আমি ওকে বলেছি, যদি এই কারণেই আমাকে ছেড়ে যেতে চাও, তাহলে সেটাও আমি মেনে নেব।’

আকাঙ্ক্ষা মনে করেন, অধিকাংশ মানুষ বিয়ে করেন পরিবার গড়ে তোলার এবং সন্তান নেওয়ার স্বপ্ন নিয়ে। তার মতে, ‘গৌরবের ইচ্ছা ভুল নয়। সে একটি পরিবার চায়। কিন্তু আমি যদি সেই স্বপ্ন পূরণ করতে না পারি, তাহলে তাকে আটকে রাখা অন্যায় হবে।’

আকাঙ্ক্ষা আরও বলেন, ‘বিগ বস ১৯’–এ গৌরবকে দেখার পর তার উপলব্ধি আরও স্পষ্ট হয়েছে। তখন তিনি বুঝেছেন, গৌরব সত্যিই সন্তান চায়, আর তিনি সেই ইচ্ছা পূরণ করতে পারবেন না। তাই সম্পর্ক টিকিয়ে রাখার চেয়ে বাস্তবতাকে মেনে নেওয়াই দুজনের জন্য ভালো।

গত বছর ‘বিগ বস ১৯’–এ অংশ নেওয়ার সময় গৌরব খান্নাও প্রথমবার এই প্রসঙ্গ তুলেছিলেন। তখন তার বিরুদ্ধে ব্যক্তিগত জীবন নিয়ে সহানুভূতি আদায়ের অভিযোগ উঠেছিল। তবে সমাপনী পর্বে সাংবাদিকদের প্রশ্নের জবাবে গৌরব বলেছিলেন, স্ত্রীর সিদ্ধান্তকে তিনি সব সময় সম্মান করেন। একই সঙ্গে তিনি এটাও স্বীকার করেছিলেন যে তিনি নিজে ভবিষ্যতে সন্তানসহ একটি পরিবার গড়ার স্বপ্ন দেখেন।

উল্লেখ্য গৌরব খান্না ও আকাঙ্ক্ষা চামোলার বিয়ে হয়েছিল ২০১৬ সালের ২৪ নভেম্বর, কানপুরে। দীর্ঘদিন ধরে তারা টেলিভিশন অঙ্গনের পরিচিত দম্পতি হিসেবে পরিচিত ছিলেন। আকাঙ্ক্ষা অভিনয় করেছেন ‘সন্তোষী মা’, ‘ইয়ে হ্যায় আশিকি’ ও ‘ক্রাইম প্যাট্রোল’-এর মতো জনপ্রিয় ধারাবাহিকে।

এখন পর্যন্ত গৌরব খান্না বিচ্ছেদ নিয়ে নতুন কোনো মন্তব্য করেননি। তবে আকাঙ্ক্ষার বক্তব্যে স্পষ্ট, তাদের সম্পর্কে তৃতীয় কোনো ব্যক্তি নয়, বরং জীবনকে কীভাবে দেখতে চান—সেই মৌলিক পার্থক্যই বিচ্ছেদের কারণ হয়ে দাঁড়িয়েছে।

Advertisements
তারকাবিচ্ছেদভারতসংসার