সম্পর্কের নতুন মোড় নিয়েই ফিরছেন জয়া আহসান

বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ—দুই বাংলার চলচ্চিত্রে সমানভাবে ব্যস্ত সময় পার করছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। এবার পশ্চিমবঙ্গে মুক্তির অপেক্ষায় রয়েছে তার নতুন সিনেমা ‘আজও অর্ধাঙ্গিনী’। প্রাক্তন ও বর্তমান সম্পর্কের জটিল সমীকরণ, আবেগ এবং পারিবারিক টানাপোড়েনকে কেন্দ্র করে নির্মিত সিনেমাটি মুক্তির আগে বর্তমানে কলকাতায় অবস্থান করছেন তিনি। সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে ছবিটির ট্রেলার প্রকাশ অনুষ্ঠান। সেখানেই ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের সঙ্গে কথা বলেন এই অভিনেত্রী।

ভারতীয় সংবাদমাধ্যম দেওয়া এক সাক্ষাৎকারে জয়া আহসান বলেন, ‘আমি শুধু একজন অভিনেত্রী নই, একজন দর্শকও। তাই আমিও অধীর আগ্রহে অপেক্ষা করছি ছবিটি দেখার জন্য। ‘অর্ধাঙ্গিনী’র প্রথম পর্বে দর্শক যে সম্পর্কের সমীকরণ দেখেছিলেন, এবার সেই সম্পর্ক কোন দিকে মোড় নেয়, সেটিই মূলত দর্শককে দেখতে হবে।’
সিনেমাটিতে অভিনেত্রী চূর্ণী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়েও কথা বলেন জয়া। তিনি জানান, ছবিটিতে তাদের দুজনের একসঙ্গে অনেক গুরুত্বপূর্ণ ও আবেগঘন দৃশ্য রয়েছে। তার ভাষায়, ‘এই সিনেমায় চূর্ণীদির সঙ্গে আমার অনেক ইনটেন্স দৃশ্য আছে। কৌশিক গঙ্গোপাধ্যায়ের সিনেমায় প্রতিটি দৃশ্যেরই আলাদা গুরুত্ব থাকে এবং প্রতিটি চরিত্র নিজস্ব তাৎপর্য নিয়ে উপস্থিত হয়। তবে আমি আর চূর্ণীদি যখন একই ফ্রেমে থাকি, তখন দর্শকের প্রত্যাশা আরও বেড়ে যায়। শুভ্রা আর মেঘনা—এই দুই ‘অর্ধাঙ্গিনী’র মুখোমুখি হওয়াটাই ছবির অন্যতম বড় আকর্ষণ।’

পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের কাজের ধরণ নিয়েও নিজের মুগ্ধতার কথা প্রকাশ করেন জয়া আহসান। তিনি বলেন, ‘আমরা যেখানে ভাবনা শেষ করি, কৌশিকদা সেখান থেকেই ভাবতে শুরু করেন। সম্পর্ক নিয়ে তাঁর দৃষ্টিভঙ্গি এবং বিশ্লেষণের গভীরতা সত্যিই বিস্ময়কর। তিনি যেভাবে চরিত্রগুলো নির্মাণ করেন, সেগুলোতে অভিনয় করতে গিয়ে শুধু একজন শিল্পী হিসেবেই নয়, একজন মানুষ হিসেবেও আমি অনেক কিছু শিখি। সম্পর্কের নানা স্তর, আবেগ আর টানাপোড়েন আমি যেন ব্লটিং পেপারের মতো শুষে নিই।’
নতুন সিনেমাটি নিয়ে আশাবাদও ব্যক্ত করেন জয়া। তিনি বলেন, ‘আমি সব সময় ইতিবাচক থাকি। কৌশিকদা কখনোই এই চিন্তা নিয়ে সিনেমা বানান না যে আগের ছবির চেয়ে এটিকে বেশি হিট করতেই হবে। খুব স্বাভাবিকভাবেই ছবিটি নির্মাণ করা হয়েছে। আমার বিশ্বাস, নিজের গুণেই সিনেমাটি দর্শকের কাছে পৌঁছে যাবে এবং আলাদা একটি পরিচয় তৈরি করবে।’

‘অর্ধাঙ্গিনী’ সিনেমার গল্প যেখানে শেষ হয়েছিল, ঠিক সেখান থেকেই শুরু হবে ‘আজও অর্ধাঙ্গিনী’। তাই আগের ছবির দুই গুরুত্বপূর্ণ নারী চরিত্র—শুভ্রা ও মেঘনার সম্পর্ক এবার কোন নতুন মোড় নেয়, সেটিই এই সিনেমার অন্যতম প্রধান আকর্ষণ বলে মনে করছেন জয়া আহসান।
আগামী ১০ জুলাই কলকাতার প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘আজও অর্ধাঙ্গিনী’। সিনেমাটিতে জয়া আহসান ও চূর্ণী গঙ্গোপাধ্যায়ের পাশাপাশি অভিনয় করেছেন কৌশিক সেন, ইন্দ্রাশিস রায় এবং অম্বরীশ ভট্টাচার্য।



