ফিলিস্তিনি গায়িকার সঙ্গে ‘কমফোর্টেবলি নাম্ব’ পুনর্নির্মাণ করলেন পিঙ্ক ফ্লয়েডের রজার ওয়াটার্স

গাজার মানুষের প্রতি সংহতি ও শ্রদ্ধা জানিয়ে বিশ্বখ্যাত ব্যান্ড ‘পিংক ফ্লয়েড’-এর সহ-প্রতিষ্ঠাতা ‘রজার ওয়াটার্স’ ফিলিস্তিনি গায়িকা মোনা মিয়ারি-এর সঙ্গে যৌথভাবে নতুনভাবে উপস্থাপন করেছেন ব্যান্ডটির কালজয়ী গান ‘কমফোর্টেবলি নাম্ব’। নতুন কথা, সুর ও সংগীতায়োজনে পুনর্নির্মিত গানটি গত বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে।

নতুন সংস্করণে মূল গানের রকধর্মী আবহ অনেকটাই বদলে দেওয়া হয়েছে। ডেভিড গিলমোর-এর বিখ্যাত গিটার সোলোর পরিবর্তে ব্যবহার করা হয়েছে শান্ত অ্যাকোস্টিক বাদ্যযন্ত্র। মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী সুর ও আরবি কণ্ঠের সংমিশ্রণে গানটি গাজার শোক, বেদনা ও মানুষের দৃঢ়তার প্রতীক হিসেবে নতুন মাত্রা পেয়েছে।
এই সংস্করণে মিয়ারি ‘হিন্দস লালাবাই’ শিরোনামে একটি আরবি অংশ যুক্ত করেছেন। এটি ছয় বছর বয়সী হিন্দ রাজাব-কে উৎসর্গ করা হয়েছে। অংশটিতে কল্পিতভাবে হিন্দ ও তার মায়ের কথোপকথনের মাধ্যমে যুদ্ধের নির্মম বাস্তবতা ফুটিয়ে তোলা হয়েছে।
৮২ বছর বয়সী ওয়াটার্স সামাজিক যোগাযোগমাধ্যমে গানটির একটি অংশ শেয়ার করে জানান, ‘কমফোর্টেবলি নাম্ব: রি-ইম্যাজিনড’ এখন ইউটিউবসহ বিভিন্ন প্ল্যাটফর্মে উন্মুক্ত। তার ভাষায়, এটি মানুষের স্মৃতি, মর্যাদা ও সত্যের প্রতি উৎসর্গ করা একটি সংগীতনিবেদন।
মূল ‘কমফোর্টেবলি নাম্ব’ গানটি ১৯৭৯ সালে ‘দ্য ওয়াল’ অ্যালবামে প্রকাশিত হয়। বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে অনুপ্রাণিত গানটিতে মানসিকভাবে ভেঙে পড়া এক রক তারকার একাকিত্ব, বিচ্ছিন্নতা ও ট্রমার গল্প তুলে ধরা হয়েছে।
গানটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় ‘এসভিএ থিয়েটার’, নিউইয়র্কে। অনুষ্ঠানে ওয়াটার্স ও মিয়ারি গানটির ওপর নির্মিত একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের প্রিমিয়ারেও অংশ নেন।
ডেভিড ব্যারন পরিচালিত চলচ্চিত্রটিতে গাজায় সুহাইল নাসসার ধারণ করা ভিডিওচিত্র ব্যবহার করা হয়েছে। এর প্রযোজনা করেছেন ইয়াসমিন আলমোখামাদ-সার্কিসিয়ান।



