ব্রেন টিউমার ও ক্যানসারে চিকিৎসাধীন ইলিয়াস কাঞ্চনের সর্বশেষ অবস্থা জানালেন রোজিনা

ব্রেন টিউমার থেকে ব্রেন ক্যানসারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে চিকিৎসাধীন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। আগের তুলনায় বর্তমানে অনেকটাই সুস্থ বোধ করছেন তিনি। সম্প্রতি লন্ডনে মেয়ের বাসায় তাঁর সঙ্গে দেখা করে এমন সুখবর জানিয়েছেন চিত্রনায়িকা রোজিনা।
দীর্ঘদিনের সহকর্মী ইলিয়াস কাঞ্চনের সঙ্গে সাক্ষাতের কয়েকটি ছবি ও মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করেন রোজিনা। সেখানে তিনি জানান, বেশ কয়েক মাস ধরে অসুস্থ এই অভিনেতা লন্ডনে চিকিৎসা নিচ্ছেন এবং বর্তমানে মেয়ের বাসায় অবস্থান করছেন। তাঁদের মধ্যে বেশ কিছু সময় কথাবার্তা ও আনন্দঘন মুহূর্ত কাটে। একসঙ্গে খাওয়া-দাওয়াও করেন তাঁরা।
ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থার উন্নতিতে আনন্দ প্রকাশ করে রোজিনা লেখেন, আল্লাহর অশেষ রহমত ও সবার দোয়ায় তিনি আগের চেয়ে অনেক ভালো আছেন। খুব শিগগিরই দেশে ফিরে আসবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। একই সঙ্গে কাঞ্চনের দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চান এই অভিনেত্রী।
দেড় বছরেরও বেশি সময় ধরে যুক্তরাজ্যে চিকিৎসা চলছে ইলিয়াস কাঞ্চনের। চিকিৎসার মাঝখানে গত ৩ আগস্ট ১০ দিনের জন্য দেশে এসেছিলেন তিনি। ১২ আগস্ট আবারও লন্ডনে ফিরে যান। দেশে অবস্থানকালে পরিবারের সদস্য, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি নিজের প্রতিষ্ঠিত সামাজিক আন্দোলন ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা)-এর একটি অনুষ্ঠানে অংশ নেন। কাকরাইলে সংগঠনটির কার্যালয়েও যান তিনি। এ ছাড়া কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার আশুতিয়াপাড়ায় নিজের গ্রামের বাড়িতে গিয়ে স্থানীয় মানুষের সঙ্গে দেখা করেন।
জানা গেছে, ২০২৫ সালের এপ্রিল থেকে ব্রেন টিউমারের চিকিৎসার জন্য লন্ডনে রয়েছেন এই অভিনেতা। একই বছরের আগস্টে তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকেরা টিউমারের বড় একটি অংশ অপসারণ করতে সক্ষম হলেও ঝুঁকির কারণে পুরোপুরি অপসারণ সম্ভব হয়নি। পরবর্তী পরীক্ষায় টিউমারটি ক্যানসার হিসেবে শনাক্ত হয়।
অস্ত্রোপচারের পর শুরু হয় দীর্ঘমেয়াদি চিকিৎসা। এর অংশ হিসেবে তাঁকে টানা তিন মাস কেমোথেরাপির পাশাপাশি ওরাল থেরাপি নিতে হয়েছে। পারিবারিক সূত্রে জানা যায়, সপ্তাহে পাঁচ দিন করে ১২ সপ্তাহে ৬০টির বেশি কেমোথেরাপি গ্রহণ করেন তিনি। পরবর্তী সময়ে কয়েক ধাপে চলে ওরাল থেরাপি।
দীর্ঘ চিকিৎসার পাশাপাশি পরিবার ও দেশের মানুষের কাছে ফিরে আসার আকাঙ্ক্ষাও ছিল ইলিয়াস কাঞ্চনের। তৃতীয় ধাপের থেরাপি শেষ হওয়ার পর কিছুদিনের জন্য দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি। সেই ইচ্ছা থেকেই আগস্টে দেশে এলেও চিকিৎসার ধারাবাহিকতা বজায় রাখতে আবারও যুক্তরাজ্যে ফিরে যেতে হয় তাঁকে।
দীর্ঘদিনের এই লড়াইয়ের মধ্যে শারীরিক অবস্থার উন্নতির খবর তাঁর পরিবার, সহকর্মী ও ভক্তদের মধ্যে স্বস্তি ফিরিয়ে এনেছে। এখন সবার প্রত্যাশা, দ্রুত সম্পূর্ণ সুস্থ হয়ে আবারও প্রিয় মাতৃভূমিতে ফিরে আসবেন বাংলা চলচ্চিত্রের এই জনপ্রিয় অভিনেতা।



