বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনরবিবার, ২৮ জুন, ২০২৬
বিনোদন

‘নিজের ছোট্ট দুনিয়াতেই খুব সুখে আছি’

‘নিজের ছোট্ট দুনিয়াতেই খুব সুখে আছি’

বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। ক্যারিয়ারের শুরুতে বাণিজ্যিক সিনেমায় খুব একটা দেখা যায়নি তাকে। তবে সময়ের সঙ্গে সঙ্গে নিজের অভিনয়ের ধরন ও কাজের পছন্দে বড় পরিবর্তন এনেছেন, পেয়েছেন জনপ্রিয়তাও।

ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সোনাক্ষী বলেন, ‘আমি এখন এমন একটি জায়গায় আছি, যেখানে শুধু সেই কাজই করি যা আমাকে আনন্দ দেয়। এর বাইরে আমার জীবনও পরিপূর্ণ। পছন্দের কাজ না এলেও আমি আমার নিজের ছোট্ট দুনিয়াতেই খুব সুখে আছি।’

তিনি জানান, এই পরিবর্তন ধীরে ধীরে এসেছে। ক্যারিয়ারের শুরুতে বিভিন্ন কারণে এমন অনেক কাজ করেছেন, যেগুলো হয়তো তার ব্যক্তিগত পছন্দের ছিল না। তবে এখন তিনি সচেতনভাবে এমন চরিত্র বেছে নিচ্ছেন, যা একজন শিল্পী হিসেবে তাকে তৃপ্তি দেয়।

সোনাক্ষী বলেন, ‘প্রতিটি নতুন কাজের সঙ্গে আমি আরও বেশি সন্তুষ্ট হচ্ছি। ক্যারিয়ারে নানা ধরনের চরিত্র করেছি, কোনো কিছু নিয়েই আফসোস নেই। তবে এখন আমি শুধু সেই কাজই করতে চাই, যা আমাকে সত্যিকারের আনন্দ দেয়।’

সাম্প্রতিক সময়ে ‘দাহাড়’-এ পুলিশ কর্মকর্তার চরিত্র, ‘হীরামান্ডি’-তে তবায়েফের ভূমিকায় অভিনয় এবং নতুন প্রজেক্ট ‘সিস্টেম’-এ আইনজীবীর চরিত্রে অভিনয় করে প্রশংসা পেয়েছেন তিনি।

নতুন কাজ ‘সিস্টেম’ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে অভিনেত্রী বলেন, ‘আমরা এমন একটি কাজ করেছি, যা নিয়ে গর্ব করা যায়। অশ্বিনী আইয়ার তিওয়ারি, জ্যোতিকা ও আশুতোষ গোয়ারিকরের সঙ্গে কাজের অভিজ্ঞতা দারুণ ছিল।’

ছবিটির প্রচারণার সময় পরিচালক অশ্বিনী আইয়ার তিওয়ারি সোনাক্ষীকে ভারতের ‘মেরিল স্ট্রিপ’ ও ‘কেট উইন্সলেট’ বলে প্রশংসা করেন। এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে সোনাক্ষী বলেন, ‘এমন দুই অসাধারণ অভিনেত্রীর সঙ্গে তুলনা করা হলে অবশ্যই ভালো লাগে।’

অভিনয়ের পাশাপাশি নিজের ফ্যাশন পছন্দেও এসেছে পরিবর্তন। গ্রীষ্মের তীব্র গরমে এখন তিনি সুতির ও ঢিলেঢালা পোশাকের পাশাপাশি হালকা রঙের পোশাকই বেশি পরেন। একসময় কালো রঙের পোশাক তার সবচেয়ে প্রিয় ছিল, তবে এখন সেই জায়গা দখল করেছে সাদা, নীল ও হালকা রঙের পোশাক।

অভিনেত্রীজনপ্রিয়বলিউড