৪ অক্টোবর, ২০২৬ | রবিবারবাংলা: ১৯ আশ্বিন ১৪৩৩
বিনোদন

দুই দশকের জনপ্রিয়তার পর বড়পর্দায় ফিরছে ডোরেমন

IMG_1851

দীর্ঘ দুই দশক ধরে ছোটদের মনে রাজত্ব করছে জনপ্রিয় কার্টুন ফ্র্যাঞ্চাইজি ‘ডোরেমন’। নোবিতা, শিজুকা, জিয়ান ও সুনিওকে নিয়ে নীল রঙের রোবট বিড়াল এবার আসছে বড়পর্দায়। অ্যানিমে ও কার্টুন ভক্তদের জন্য এ যেন এক ঐতিহাসিক মুহূর্ত।

চলতি বছরের ২ অক্টোবর ভারতের প্রেক্ষাগৃহে হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় বাণিজ্যিকভাবে মুক্তি পাচ্ছে বহুল প্রতীক্ষিত অ্যানিমে চলচ্চিত্র ‘ডোরেমন দ্য মুভি: নিউ নোবিতা অ্যান্ড দ্য ক্যাসেল অব দ্য আন্ডারসি ডেভিল’।

ডোরেমন সিরিজের মূল স্রষ্টা ফুঝিকো এফ ফুঝিওর মূল কাহিনির ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে সিনেমাটি। গল্পের কেন্দ্রে রয়েছে সমুদ্রের গভীর তলদেশের এক রহস্যময় জগৎ। নোবিতা ও তার বন্ধুদের এক অভাবনীয় আন্ডারওয়াটার বা জলের তলদেশের অ্যাডভেঞ্চারে নিয়ে যাবে এবারের ডোরেমন।

বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম ভ্যারাইটি জানিয়েছে, বন্ধুত্ব, সাহস এবং নতুন পৃথিবী আবিষ্কারের এই গল্পে ডোরেমনের পকেট থেকে বের হবে নিত্যনতুন সব গ্যাজেট। বড় ক্যানভাস, দুর্দান্ত সব অ্যানিমেশন এবং সাউন্ড ইফেক্টসহ ডোরেমনের এই জাদুকরী দুনিয়ায় অভিভূত হবে ছোট্ট সোনামণিরা।

গত ২৭ ফেব্রুয়ারি সিনেমাটি মুক্তি পেয়েছিল জাপানে। এবার ভারতে সিনেমাটির পরিবেশনায় রয়েছে বিশ্বখ্যাত মিডিয়া জায়ান্ট ‘টিভি আসাহি’ ও মাল্টিপ্লেক্স চেইন ‘পিভিআর আইনক্স পিকচার্স’।

ভারতে সিনেমাটির মুক্তি উপলক্ষে ডোরেমন-ভক্তদের জন্য থাকছে বিশাল চমক। মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে আজ থেকে শুরু হওয়া পপ-কালচার ফেস্টিভ্যাল ‘কোর’-এ থাকছে একটি ‘ডোরেমন জোন’। সেখানে বিশাল আকৃতির ডোরেমন, ফটো বুথ এবং নানা ধরনের চমকপ্রদ আয়োজনে অংশগ্রহণের সুযোগ পাবে খুদে ভক্তরা।

Advertisements
Advertisements