১৯ নভেম্বর, ২০২৬ | বৃহস্পতিবারবাংলা: ৪ অগ্রহায়ণ ১৪৩৩
জীবনযাপন

কেন পালন করা হয় বিশ্ব পুরুষ দিবস?

কেন পালন করা হয় বিশ্ব পুরুষ দিবস?

আন্তর্জাতিক নারী দিবস যতটা আলোচিত, পুরুষ দিবস ততটা নয়। আলোচনা কম হোক বা বেশি, প্রতিবছর ১৯ নভেম্বর কিন্তু পালিত হয় বিশ্ব পুরুষ দিবস। তারিখ শুনে বুঝতেই পারছেন, আজ পুরুষ দিবস। তবে আর দেরি কেন, বাবা, ভাই, বন্ধু, সহকর্মী, স্বামী বা প্রেমিক যিনি হোন না কেন, কাছের পুরুষটিকে শুভেচ্ছা জানিয়ে ফেলুন আজই। দিতে পারেন তার পছন্দের কোনো উপহারও। তবে তার আগে জেনে নেওয়া যাক, কোথা থেকে আর কীভাবে শুরু হলো বিশ্ব পুরুষ দিবস।

যেভাবে শুরু হয়েছিল বিশ্ব পুরুষ দিবস

প্রতিবছর ১৯ নভেম্বর বিশ্ব পুরুষ দিবস বা ইন্টারন্যাশনাল মেনস ডে (International Men’s Day) পালিত হয়। ১৯৯৯ সালের এই দিনে ত্রিনিদাদ ও টোবাগোর ওয়েস্ট ইন্ডিজ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষক ড. জেরোম টিলাকসিংয়ের উদ্যোগে দিবসটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

তবে পুরুষ দিবস পালনের ধারণা আরও পুরোনো। ১৯৬০-এর দশক থেকেই আন্তর্জাতিক পুরুষ দিবস পালনের দাবি উঠেছিল। ১৯৬৯ সালের ফেব্রুয়ারিতে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে ২৩ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক পুরুষ দিবস হিসেবে পালনের আগ্রহের কথা উঠে আসে। আন্তর্জাতিক নারী দিবসের মতো পুরুষদের জন্যও একটি বিশেষ দিন নির্ধারণের দাবি জানাচ্ছিলেন অনেকে।

পরবর্তী সময়ে বিশ্বের বিভিন্ন দেশে বিচ্ছিন্নভাবে পুরুষ দিবস পালনের উদ্যোগ নেওয়া হয়। যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স, কলম্বিয়া, রাশিয়া ও চীনের মতো দেশে বিভিন্ন সময়ে এ ধরনের আয়োজন হয়েছিল। তবে সেগুলো আন্তর্জাতিকভাবে তেমন গ্রহণযোগ্যতা পায়নি। শেষ পর্যন্ত ১৯৯৯ সালে জেরোম টিলাকসিংয়ের উদ্যোগে ১৯ নভেম্বর তারিখটি আন্তর্জাতিক পুরুষ দিবস হিসেবে পরিচিতি পায়। ক্যারিবীয় অঞ্চলে দিবসটি ব্যাপক সাড়া ফেলে। পরে বিভিন্ন দেশের সংগঠন ও ব্যক্তিদের উদ্যোগে এটি বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে।

কেন পালন করা হয় পুরুষ দিবস?

Advertisements

বিশ্ব পুরুষ দিবস পালনের উদ্দেশ্য নারী দিবসের সঙ্গে প্রতিযোগিতা করা নয়। বরং পুরুষের জীবন, অভিজ্ঞতা, অবদান ও নানা চ্যালেঞ্জকে গুরুত্ব দিয়ে দেখার সুযোগ তৈরি করা। পরিবার ও সমাজের প্রতি পুরুষের দায়িত্বশীল ভূমিকার স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তাদের শারীরিক ও মানসিক সুস্থতা নিয়েও সচেতনতা তৈরি করা হয়।

বিশেষ করে পুরুষদের মানসিক স্বাস্থ্য, সামাজিক চাপ, কর্মক্ষেত্রের ঝুঁকি, পারিবারিক দায়িত্ব এবং সমাজে প্রচলিত পুরুষত্বের ধারণা নিয়ে আলোচনার সুযোগ তৈরি করে এ দিবস। অনেক সময় পুরুষকে সব পরিস্থিতিতে শক্ত থাকতে হবে, আবেগ প্রকাশ করা যাবে না কিংবা পরিবারের সব দায়িত্ব একাই সামলাতে হবে—এমন প্রত্যাশা তাদের ওপর চাপ তৈরি করে। এসব প্রচলিত ধারণা নিয়েও সচেতনতা বাড়ানো দিবসটির অন্যতম লক্ষ্য।

পুরুষ দিবসের ছয়টি গুরুত্বপূর্ণ লক্ষ্য

আন্তর্জাতিক পুরুষ দিবস পালনের পেছনে ছয়টি মূল লক্ষ্য রয়েছে। সেগুলো হলো—

১. ইতিবাচক আদর্শ পুরুষের পরিচয় তুলে ধরা: শুধু চলচ্চিত্রের নায়ক কিংবা খ্যাতিমান খেলোয়াড় নন, সৎ, দায়িত্বশীল, পরিশ্রমী ও মানবিক সাধারণ পুরুষদেরও আদর্শ হিসেবে তুলে ধরা।

২. পুরুষের অবদানের স্বীকৃতি: পরিবার, সমাজ, কর্মক্ষেত্র, সন্তান লালন-পালন ও রাষ্ট্রের উন্নয়নে পুরুষের ইতিবাচক ভূমিকার স্বীকৃতি দেওয়া।

৩. পুরুষের স্বাস্থ্য ও সুস্থতা: পুরুষের শারীরিক, মানসিক, আবেগিক ও সামাজিক সুস্থতা নিয়ে সচেতনতা তৈরি করা এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা গ্রহণে উৎসাহিত করা।

৪. পুরুষের প্রতি বৈষম্য তুলে ধরা: সামাজিক দৃষ্টিভঙ্গি, প্রচলিত প্রত্যাশা, আইন ও বিভিন্ন সেবার ক্ষেত্রে পুরুষ ও ছেলেশিশুরা যেসব বৈষম্য বা প্রতিকূলতার মুখোমুখি হয়, সেগুলো নিয়ে আলোচনা করা।

৫. নারী-পুরুষের সম্পর্ক ও সমতা জোরদার করা: পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও সমান মর্যাদার ভিত্তিতে নারী-পুরুষের সম্পর্ক উন্নত করা এবং লিঙ্গসমতা প্রতিষ্ঠায় ভূমিকা রাখা।

৬. সবার জন্য নিরাপদ বিশ্ব গড়ে তোলা: এমন একটি সমাজ প্রতিষ্ঠায় সচেতনতা তৈরি করা, যেখানে নারী-পুরুষ, শিশু ও সব বয়সের মানুষ নিরাপদে বাঁচতে এবং নিজেদের সম্ভাবনা বিকশিত করতে পারে।

যেসব দেশে পালিত হয় দিবসটি

বিশ্বের বিভিন্ন দেশে নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক পুরুষ দিবস পালিত হয়। যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ভারত, সিঙ্গাপুর, দক্ষিণ আফ্রিকা, হাইতি, জ্যামাইকা, হাঙ্গেরি, মাল্টা ও ঘানাসহ অনেক দেশে দিবসটি উপলক্ষে আলোচনা সভা, সেমিনার, স্বাস্থ্যবিষয়ক প্রচারণা ও সচেতনতামূলক আয়োজন করা হয়। দিবসটি উদ্‌যাপনের ধরন দেশভেদে ভিন্ন হতে পারে। কোথাও পুরুষের স্বাস্থ্য নিয়ে সচেতনতামূলক কর্মসূচি হয়, কোথাও আবার পরিবারে বাবার ভূমিকা, মানসিক সুস্থতা ও ইতিবাচক পুরুষত্ব নিয়ে আলোচনা করা হয়।

এ বছরের প্রতিপাদ্য কী?

২০২৬ সালে আন্তর্জাতিক পুরুষ দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘The Future Is Everyone’। অর্থাৎ, ‘ভবিষ্যৎ সবার’। এ প্রতিপাদ্যের মাধ্যমে নারী-পুরুষ নির্বিশেষে সবার অংশগ্রহণ, পারস্পরিক সহযোগিতা ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তোলার বার্তা দেওয়া হয়েছে। দিনটির মূল শিক্ষা হলো, সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে নারী-পুরুষ উভয়ের অবদানই গুরুত্বপূর্ণ। তাই পুরুষের ভালো কাজের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তাদের সমস্যাগুলো বোঝা এবং সুস্থ, নিরাপদ ও সমতাভিত্তিক পরিবেশ গড়ে তোলার উদ্যোগও জরুরি।

Advertisements