৫ অক্টোবর, ২০২৬ | সোমবারবাংলা: ২০ আশ্বিন ১৪৩৩
বিনোদন

‘ককটেল ২’-এর বিশ্বব্যাপী আয় ১১৪ কোটি রুপি

IMG_1844

শহীদ কাপুর, রাশমিকা মান্দানা ও কৃতি শ্যানন অভিনীত রোমান্টিক চলচ্চিত্র ‘ককটেল ২’ মুক্তির পর বক্স অফিসে ধারাবাহিকভাবে ভালো ব্যবসা করছে। মুক্তির আট দিনে বিশ্বব্যাপী ছবিটির আয় দাঁড়িয়েছে ১১৪ কোটি ৬৭ লাখ রুপি।

গতকাল শুক্রবার মুক্তির অষ্টম দিনে ভারতে ছবিটি আয় করেছে ৫ কোটি ১০ লাখ রুপি। এদিন দেশটির ৫ হাজার ৯৬৫টি শোতে প্রদর্শিত হয় সিনেমাটি। সব মিলিয়ে ভারতে ছবিটির মোট আয় ৮৯ কোটি ১৭ লাখ রুপি। অন্যদিকে বিদেশের বাজার থেকে এসেছে ২৫ কোটি ৫০ লাখ রুপি। ফলে বিশ্বব্যাপী মোট আয় পৌঁছেছে ১১৪ কোটি ৬৭ লাখ রুপিতে।

প্রথম সপ্তাহে ভারতে ছবিটির আয় ছিল ৭০ কোটি ৫০ লাখ রুপি। সপ্তাহের মাঝামাঝি সংগ্রহ কিছুটা কমলেও অষ্টম দিনে আগের দিনের তুলনায় আয় বেড়েছে। একই সঙ্গে ছবিটি শহীদ কাপুর ও কৃতি শ্যাননের আগের ছবি ‘তেরি বাতো ম্যায় অ্যায়সা উলঝা জিয়া’–র মোট আয়ের কাছাকাছি পৌঁছে গেছে।

এদিকে ‘ককটেল ২’–কে সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) ‘এ’ (প্রাপ্তবয়স্কদের জন্য) সনদ দিয়েছে। ফলে ১৮ বছরের কম বয়সীরা প্রেক্ষাগৃহে ছবিটি দেখতে পারবেন না। এটি কৃতি শ্যাননের প্রথম এবং রাশমিকা মান্দানার দ্বিতীয় ‘এ’ সার্টিফিকেট পাওয়া হিন্দি সিনেমা। শহীদ কাপুরের ক্যারিয়ারে এটি পঞ্চম ‘এ’ সার্টিফিকেট পাওয়া চলচ্চিত্র।

তবে এই সনদ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন শহীদ কাপুর। ছবির প্রচারণায় তিনি বলেন, এতে এমন কোনো বিষয় নেই, যা দর্শকের আপত্তির কারণ হতে পারে। তার ভাষায়, এটি মূলত তিনজন মানুষের সম্পর্ক, ভালোবাসা ও আবেগের গল্প; পরিবারের সবাইকে নিয়ে দেখার মতো একটি সিনেমা।

হোমি আদাজানিয়া পরিচালিত ‘ককটেল ২’–এ শহীদ কাপুর অভিনয় করেছেন কুনাল, রাশমিকা মান্দানা দিয়া এবং কৃতি শ্যানন অ্যালি চরিত্রে। দীর্ঘদিনের একটি সম্পর্কে তৃতীয় একজনের আগমনে আবেগের টানাপোড়েন কীভাবে তৈরি হয়, সেই গল্পই তুলে ধরা হয়েছে ছবিটিতে। ২০১২ সালের জনপ্রিয় ‘ককটেল’–এর আধ্যাত্মিক সিক্যুয়েল হিসেবে নির্মিত হয়েছে সিনেমাটি।

Advertisements
Advertisements