বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনশনিবার, ২৭ জুন, ২০২৬
বিবিধ

শাহবাগে নারী চিকিৎসকের গলিত মরদেহ উদ্ধার

bb

রাজধানীর শাহবাগে আজিজ সুপার মার্কেটের একটি ফ্ল্যাট থেকে ফারাহ ফেরদৌস (৩২) নামে এক নারী চিকিৎসকের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ট্রোকের কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

নিহত ফারাহ ফেরদৌস ৩৯তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তা ছিলেন। পাশাপাশি তিনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কার্ডিওভাসকুলার বিষয়ে তৃতীয় বর্ষের শিক্ষার্থী হিসেবে অধ্যয়ন করছিলেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, ২০২২ সাল থেকে শাহবাগের আজিজ সুপার মার্কেটের ১৪ তলার একটি ফ্ল্যাটে একাই বসবাস করছিলেন ফারাহ। তার গ্রামের বাড়ি খুলনার ফুলতলা উপজেলায়। তিনি অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক আবদুর রশীদের বড় মেয়ে।

গত ২৩ জুন দুপুরে ছোট বোনের সঙ্গে সর্বশেষ কথা হয়েছিল তার। এরপর পরিবারের সদস্যদের সঙ্গে আর কোনো যোগাযোগ হয়নি। শুক্রবার বিকেলে ফ্ল্যাট থেকে দুর্গন্ধ বের হলে প্রতিবেশীরা পুলিশকে খবর দেন।

পরে ফারাহর ছোট বোনকে সঙ্গে নিয়ে পুলিশ দরজা ভেঙে ফ্ল্যাটে প্রবেশ করে মরদেহ উদ্ধার করে।

শাহবাগ থানার উপপরিদর্শক একরামুল হক জানান, ফ্ল্যাটের ভেতরে খাটের ওপর বসা অবস্থায় টেবিলের দিকে মাথা নোয়ানো অবস্থায় ফারাহর মরদেহ পাওয়া যায়। তখন মরদেহে পচন ধরেছিল। পরে সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

পুলিশ জানিয়েছে, মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, আগে থেকে তার গুরুতর কোনো শারীরিক সমস্যাও ছিল না। তাই প্রাথমিকভাবে স্ট্রোকে মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় শাহবাগ থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন নিহতের ছোট বোন নজুলা ফেরদৌস। তিনিও একজন চিকিৎসক এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিউরোসার্জারি বিষয়ে অধ্যয়নরত।

নারীমরদেহশাহবাগ