ঘরের কাজ নারী-পুরুষ সবার দায়িত্ব: প্রিয়াঙ্কা

ঘরের কাজকর্ম শুধু নারীদের দায়িত্ব—এমন প্রচলিত ধারণার বিরোধিতা করেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। তিনি বলেছেন, রান্না করা বা ঘর পরিষ্কার রাখা কোনো নির্দিষ্ট লিঙ্গের কাজ নয়; বরং এগুলো প্রত্যেক প্রাপ্তবয়স্ক মানুষের প্রয়োজনীয় জীবনদক্ষতা।

এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে প্রিয়াঙ্কা বলেন, এখনও অনেক পরিবারে ঘরের দৈনন্দিন কাজকে নারীদের দায়িত্ব হিসেবেই দেখা হয়, যা মোটেও সঠিক নয়। তার মতে, রান্না ও ঘর গোছানোর মতো কাজ নারী-পুরুষ সবারই সমানভাবে করা উচিত।
একই সাক্ষাৎকারে তিনি বিশ্ব চলচ্চিত্রের পরিবর্তন নিয়েও কথা বলেন। প্রযুক্তির অগ্রগতির ফলে এখন চলচ্চিত্র নির্মাণ অনেক সহজ হয়েছে উল্লেখ করে প্রিয়াঙ্কা বলেন, আগে এই ইন্ডাস্ট্রিতে প্রবেশ করা বেশ কঠিন ছিল। কিন্তু এখন ভালো কোনো ধারণা থাকলে সেটি ভিডিও আকারে তৈরি করে অনলাইনে প্রকাশ করা যায়, যা পরবর্তীতে বড় চলচ্চিত্রেও রূপ নিতে পারে। বর্তমান সময়কে তিনি বিনোদন জগতের জন্য অন্যতম সম্ভাবনাময় সময় বলেও উল্লেখ করেন।

দীর্ঘ আট বছর পর ভারতীয় সিনেমায় বড় পরিসরে ফিরছেন প্রিয়াঙ্কা। এস এস রাজামৌলি পরিচালিত ‘বারাণসী’ সিনেমায় অভিনয় করবেন তিনি। এতে তার সহশিল্পী হিসেবে থাকছেন মহেশ বাবু ও পৃথ্বীরাজ সুকুমারন। প্রায় ১,০০০ কোটি রুপি বাজেটের এই সিনেমাটি ২০২৭ সালের এপ্রিলে মুক্তি পাওয়ার কথা রয়েছে।



