বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবুধবার, ২৪ জুন, ২০২৬
জীবনযাপন

সম্পর্কে জড়ানোর আগে জানা জরুরি কিছু কঠিন সত্য

360_F_272820686_o7LIcFwcR0mjwPokn9hjxfeq1UsOG3Iu

সাহিত্য, সিনেমা কিংবা জনপ্রিয় সংস্কৃতি দীর্ঘদিন ধরে মানুষকে একটি ধারণাই শিখিয়ে এসেছে—ভালোবাসা যেন হঠাৎ ঘটে যাওয়া এক জাদুকরী অনুভূতি। চোখে চোখ পড়ল, কিছু মুহূর্ত ভাগাভাগি হলো, আর মনে হলো এই মানুষটিই বুঝি জীবনের সব শূন্যতা পূরণ করে দেবে। কিন্তু বাস্তবতা বলছে, দীর্ঘস্থায়ী সম্পর্ক গড়ে তুলতে শুধু আকর্ষণ বা আবেগ কখনোই যথেষ্ট নয়।

বিশেষজ্ঞরা বলছেন, ভালোবাসার সম্পর্কে জড়ানোর আগে কিছু বাস্তব সত্য বোঝা জরুরি। কারণ সম্পর্ক নিয়ে ভুল ধারণা অনেক সময় মানুষকে দীর্ঘমেয়াদি কষ্ট, হতাশা ও মানসিক চাপে ফেলে।

সবচেয়ে বড় ভুল ধারণাগুলোর একটি হলো—ভালোবাসা দিয়ে একজন মানুষকে বদলে ফেলা সম্ভব। অনেকেই মনে করেন, সঙ্গীকে যথেষ্ট ভালোবাসা দিলে তার খারাপ অভ্যাস বা ক্ষতিকর আচরণ বদলে যাবে। কিন্তু বাস্তবে মানুষ তখনই বদলায়, যখন সে নিজেই পরিবর্তনের প্রয়োজন অনুভব করে। জোর করে কাউকে বদলাতে চাওয়া সম্পর্কে অশান্তি ও দূরত্ব তৈরি করতে পারে।

মনোবিজ্ঞানীরা আরও বলছেন, মানুষ অনেক সময় অজান্তেই একই ধরনের মানুষের প্রতি বারবার আকৃষ্ট হয়। অতীত অভিজ্ঞতা, শৈশবের আবেগগত পরিবেশ এবং পুরোনো সম্পর্কের অভ্যাস নতুন সম্পর্কের সিদ্ধান্তেও প্রভাব ফেলে। তাই নিজের আবেগগত প্রবণতা বোঝা খুবই গুরুত্বপূর্ণ।

একটি সুস্থ সম্পর্ক কখনো কাউকে নিজের স্বাভাবিক সত্তা লুকাতে বাধ্য করে না। যদি কোনো সম্পর্কে টিকে থাকার জন্য বারবার নিজেকে বদলাতে হয়, নিজের মতামত চেপে রাখতে হয় বা সবসময় মানিয়ে নিতে বাধ্য হতে হয়, তাহলে সেখানে ভালোবাসার চেয়ে চাপ বেশি কাজ করছে বলেই মনে করেন বিশেষজ্ঞরা।

অনেকেই সম্পর্কের শুরুতে তৈরি হওয়া তীব্র আবেগ বা আকর্ষণকে ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ মনে করেন। কিন্তু বাস্তবতা হলো, শুরুতে যে উত্তেজনা বা আবেগ তৈরি হয়, সময়ের সঙ্গে সেটি স্বাভাবিকভাবেই কমে আসে। দীর্ঘ সময় সম্পর্ক টিকিয়ে রাখতে প্রয়োজন পারস্পরিক সম্মান, দায়িত্ববোধ, একে অপরকে বোঝার চেষ্টা, ক্ষমা করার মানসিকতা এবং মানসিক পরিপক্বতা।

বিশেষজ্ঞদের মতে, ভালোবাসা নিঃসন্দেহে জীবনের অন্যতম সুন্দর অনুভূতি। তবে সেটিকে কেবল আবেগের চোখে না দেখে বাস্তবতার আলোয় দেখা জরুরি। কারণ সত্যিকারের সম্পর্ক শুধু প্রেমে পড়ার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং একে সঠিকভাবে ধরে রাখার মধ্যেই তার আসল শক্তি লুকিয়ে থাকে।

ভালোবাসাসম্পর্ক