বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবুধবার, ২৪ জুন, ২০২৬
বিনোদন

গাজা সংকটে অনুদান দিয়ে প্রশংসিত আরিয়ানা গ্রান্ডে

IMG_1789

বিশ্বখ্যাত পপ তারকা আরিয়ানা গ্রান্ডে গাজার চলমান সংকটে ক্ষতিগ্রস্ত শিশু ও পরিবারগুলোর সহায়তায় উদার অনুদান দিয়েছেন। তার এই মানবিক উদ্যোগের জন্য তাকে প্রকাশ্যে ধন্যবাদ জানিয়েছে আন্তর্জাতিক সংস্থা সেভ দ্য চিলড্রেন ইউকে।

সংস্থাটি জানায়, অনুদানের সুনির্দিষ্ট পরিমাণ প্রকাশ করা হয়নি। তবে এটি একটি জরুরি সহায়তা, যা গাজায় কঠিন পরিস্থিতিতে থাকা শিশু ও পরিবারগুলোর জন্য ব্যয় করা হবে।

এই অনুদান দেওয়া হয়েছে আরিয়ানা গ্রান্ডের সদ্য প্রতিষ্ঠিত দাতব্য ফাউন্ডেশন ব্রাইটার ডেজ অ্যাহেড-এর মাধ্যমে। নতুন এই উদ্যোগের ঘোষণা দিতে গিয়ে তিনি জানান, সমাজের প্রান্তিক ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোই এই ফাউন্ডেশনের মূল লক্ষ্য।

এক বিবৃতিতে গ্রান্ডে বলেন, প্রয়োজনের সময়ে অসহায় মানুষদের সহায়তা করা, সুরক্ষা দেওয়া এবং তাদের জন্য প্রয়োজনীয় সম্পদ নিশ্চিত করাই তাদের উদ্দেশ্য। তিনি আরও জানান, চারটি পৃথক তহবিলের মাধ্যমে বিভিন্ন সংস্থাকে সহায়তা দেওয়া হবে, যারা সংকটময় সময়ে মানুষের জন্য নিরাপদ পরিবেশ ও প্রয়োজনীয় যত্ন নিশ্চিত করছে।

আরিয়ানা গ্রান্ডের এই উদ্যোগকে মানবিক সহায়তার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে গাজায় চলমান সংকটে শিশুদের সুরক্ষা ও কল্যাণে তার এই অবদান আন্তর্জাতিক মহলে প্রশংসা কুড়িয়েছে।

অনুদানআরিয়ানা গ্রান্ডেগাজা