বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনসোমবার, ২২ জুন, ২০২৬
বিবিধ

সিংগাইরে ঝোপ থেকে স্কুলছাত্রীর খণ্ডিত মরদেহ উদ্ধার

singair-thana-6a38147a58482

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় কবরস্থান-সংলগ্ন একটি ঝোপ থেকে মারিয়া (১৪) নামে এক স্কুলছাত্রীর খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার রহস্য উদঘাটনে দশম শ্রেণির এক শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

রোববার বিকেলে উপজেলার জামির্ত্তা ইউনিয়নের চন্দননগর এলাকার একটি ঝোপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়রা প্রথমে অর্ধগলিত অবস্থায় মরদেহের অংশবিশেষ ও একটি স্কুলব্যাগ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মরদেহ উদ্ধার করে।

নিহত মারিয়া শায়েস্তা ইউনিয়নের লক্ষ্মীপুর দেওয়ানবাড়ি এলাকার প্রবাসী মিজানের মেয়ে। তিনি স্থানীয় সাহরাইল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও পরিবারের সদস্যদের তথ্য অনুযায়ী, গত ১৫ জুন বিদ্যালয়ে টিফিন বিরতির সময় মারিয়া ও দশম শ্রেণির শিক্ষার্থী আলিফকে ঘিরে একটি আপত্তিকর ঘটনার অভিযোগ ওঠে। বিদ্যালয়ের সিসিটিভি ফুটেজে বিষয়টি ধরা পড়লে উভয় শিক্ষার্থীর অভিভাবকদের ডেকে সতর্কতামূলক মুচলেকা নেওয়া হয়। পরে স্কুল কর্তৃপক্ষ তাদের ট্রান্সফার সার্টিফিকেট (টিসি) প্রদান করে।

ঘটনার পর মারিয়া বাড়িতে নিজের মোবাইল ফোন রেখে বের হয়ে যায়। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে অনুসন্ধান চালিয়েও তার সন্ধান পাননি।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আলিফ নামে এক শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। হত্যাকাণ্ডের কারণ ও এর সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় তথ্য-প্রমাণ সংগ্রহ করা হচ্ছে।

পুলিশমরদেহ উদ্ধারমানিকগঞ্জ