জোড়া গোলে ব্রাজিলের জয়, গ্যালারিতে মায়ের চোখে আনন্দাশ্রু

ফিলাডেলফিয়ায় হাইতির বিপক্ষে ম্যাচটি মাথিয়াস কুনিয়ার জন্য হয়ে থাকবে বিশেষ স্মরণীয়। বিশ্বকাপ মঞ্চে নিজের প্রথম গোলের দেখা পাওয়ার পাশাপাশি করেছেন জোড়া গোল। আর ছেলের এমন সাফল্য দেখে গ্যালারিতে আবেগ ধরে রাখতে পারেননি মা লুজিয়ানা কুনিয়া; কান্নায় ভেঙে পড়েন তিনি।
বাংলাদেশ সময় শনিবার সকালে ব্রাজিল-হাইতি ম্যাচ হলেও ফিলাডেলফিয়াতে রাতেই হয়েছে। ২৩ ও ৩৬ মিনিটে ব্রাজিল ২-০ গোলে এগিয়ে যায়। এই দুটি গোলই করেছেন কুনিয়া। ২৭ বছর বয়সী ফরোয়ার্ডের গোলের পর ক্যামেরার লেন্স ঘুরে গিয়েছিল গ্যালারির দিকে। ছেলের গোলের পর আবেগপ্রবণ হয়ে পড়েছেন মা লুজিয়ানা। সামাজিক মাধ্যমে কুনিয়ার মায়ের কান্নার ঘটনা দ্রুত ছড়িয়ে পড়েছে।
কুনিয়ার জন্য এটা প্রথম বিশ্বকাপ হলেও তিনি খেলতে পারতেন ২০২২ কাতার বিশ্বকাপেই। তৎকালীন কোচ তিতে জাতীয় দলে কুনিয়াকে ডেকেছিলেন ঠিকই। কিন্তু শেষ মুহূর্তে এসে বিশ্বকাপ দল থেকে জায়গা হারিয়েছিলেন কুনিয়া। এমনকি ফিলাডেলফিয়ায় হাইতির বিপক্ষে ম্যাচের আগে ২৪ ম্যাচে মাত্র ১ গোল ছিল।
২০২৬ ফুটবল বিশ্বকাপের আগের বিবর্ণ পরিসংখ্যানই নয়, মরক্কোর বিপক্ষে বিশ্বকাপ অভিষেকে কুনিয়াকে অনেকেই শুরুর একাদশে আশা করেছিলেন। কিন্তু ইগর থিয়াগো সেই ম্যাচে শুরুর একাদশে ছিলেন। শনিবার কুনিয়াকে কোচ কার্লো আনচেলত্তি খেলিয়েছেন শুরুর একাদশেই। জোড়া গোলে কোচের আস্থার প্রতিদান দিয়েছেন ব্রাজিলের এই ‘নাম্বার নাইন’ ফুটবলার। যার মধ্যে মাঝমাঠে হাইতির এক খেলোয়াড়ের পা থেকে দারুণ চতুরতায় বল কেড়ে নিয়ে কুনিয়া আক্রমণের সূচনা করেছেন। সতীর্থদের মধ্যে পাস আনা-নেওয়া করে শেষ পর্যন্ত জালে বল জড়ান ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ড।
কুনিয়ার ৩৬ মিনিটের গোলটাও ছিল অসাধারণ। ভিনি জুনিয়রের পাস রিসিভ করে বক্সের মধ্যে ঢুকে ভারসাম্য হারালেও হাল ছাড়েননি তিনি। শেষ পর্যন্ত বল জালে জড়িয়ে ব্রাজিলকে এনে দেন দ্বিতীয় গোল। ৪০ মিনিটে চোটে পড়ে রাফিনিয়া মাঠ ছাড়ার আগে যে সুযোগ নষ্ট করেছিলেন, সেটির ঘাটতিও অনেকটা পূরণ করে দেন কুনিয়া।
কুনিয়ার পারফরম্যান্সে অনুপ্রাণিত হয়ে গোলের দেখা পান ভিনিসিয়ুস জুনিয়রও। প্রথমার্ধের যোগ করা সময়ে লুকাস পাকেতার অ্যাসিস্ট থেকে লক্ষ্যভেদ করেন তিনি। কুনিয়ার জোড়া গোল ও ভিনির এক গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় ব্রাজিল। দ্বিতীয়ার্ধে আর কোনো গোল হয়নি।
হাইতির বিপক্ষে ৩-০ গোলের জয়ের পর ‘সি’ গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে ব্রাজিল। দুই ম্যাচে তাদের সংগ্রহ ৪ পয়েন্ট। সমান পয়েন্ট থাকলেও গোল ব্যবধানে পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে মরক্কো। তিন পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে স্কটল্যান্ড। আর টানা দুই ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে হাইতি।



