নীরবে সবকিছু একা সহ্য করাই কি শক্তির পরিচয়?

রাত গভীর। ফোনের স্ক্রিনে অনেক নাম, কিন্তু কাউকেই কল করতে ইচ্ছা করছে না। মনটা খুব খারাপ, তবু মনে হয়—‘এত রাতে কাউকে বিরক্ত করব কেন?’ কিংবা, ‘আমার সমস্যার কথা শুনে অন্যরা কী ভাববে?’
এমন অনুভূতি নতুন কিছু নয়। আমাদের চারপাশে অনেক মানুষ আছেন, যারা নিজের কষ্টের কথা খুব কমই বলেন। বাইরে থেকে তারা স্বাভাবিক, হাসিখুশি, দায়িত্বশীল। কিন্তু ভেতরে ভেতরে তারা একা লড়াই করেন। কারণ তারা বিশ্বাস করতে শিখেছেন—নিজের সমস্যার বোঝা নিজেকেই বইতে হয়।
মনোবিজ্ঞানীরা একে অনেক সময় ‘সেল্ফ-সাইলেন্সিং’ বা নিজের অনুভূতিকে ইচ্ছাকৃতভাবে চেপে রাখার প্রবণতা বলেন। এটি কোনো মানসিক রোগ নয়, বরং দীর্ঘদিনের অভ্যাস, যা ধীরে ধীরে মানুষের আচরণ ও সম্পর্ককে প্রভাবিত করতে শুরু করে।
এই অভ্যাসের পেছনে থাকে নানা কারণ। কেউ ছোটবেলা থেকে শুনেছেন, ‘কাঁদলে দুর্বল দেখাবে।’ কেউ দেখেছেন, নিজের কষ্ট বলেও কোনো সাড়া পাওয়া যায় না। কেউ আবার পরিবারে এমন পরিবেশে বড় হয়েছেন, যেখানে অন্যের সমস্যাই বেশি গুরুত্বপূর্ণ ছিল, নিজের অনুভূতির জন্য জায়গা ছিল না।
ফলে তারা শিখে যান, কষ্ট পেলেও চুপ থাকতে হয়। সাহায্য চাওয়া ঠিক না। নিজের আবেগ নিজেকেই সামলাতে হবে।
সমস্যা হলো, মানুষ আসলে একা বাঁচার জন্য তৈরি হয়নি। মন খারাপ হলে কারও সঙ্গে কথা বলতে ইচ্ছা করা, বিপদে সাহায্য চাওয়া বা নিজের দুর্বলতার কথা প্রকাশ করা—এসব খুবই স্বাভাবিক মানবিক চাহিদা।
কিন্তু যারা বছরের পর বছর নিজের অনুভূতি লুকিয়ে রাখেন, তারা ধীরে ধীরে অন্যদের কাছ থেকেও দূরে সরে যেতে শুরু করেন। কেউ জানতে চাইলে বলেন, ‘আমি ভালো আছি।’ কেউ সাহায্য করতে চাইলে বলেন, ‘দরকার নেই।’ অথচ ভেতরে ভেতরে হয়তো তারা চান, কেউ যেন একটু জোর করেই বলে—‘তুমি সত্যি কেমন আছ?’
বিশেষজ্ঞরা বলেন, সবসময় শক্ত থাকার চেষ্টা মানুষকে মানসিকভাবে ক্লান্ত করে দিতে পারে। দীর্ঘদিন নিজের আবেগ চেপে রাখলে উদ্বেগ, একাকীত্ব এমনকি বিষণ্নতার ঝুঁকিও বাড়তে পারে। কারণ অনুভূতি লুকিয়ে রাখলে সমস্যাগুলো অদৃশ্য হয় না, বরং আরও গভীরে জমতে থাকে।
সামাজিক যোগাযোগমাধ্যমও অনেক সময় এই চাপ বাড়িয়ে দেয়। সেখানে আমরা দেখি সফল মানুষ, আত্মবিশ্বাসী মানুষ, সবকিছু সামলে নেওয়া মানুষ। খুব কমই দেখা যায় সেই মানুষটির ভয়, দুর্বলতা বা খারাপ সময়। ফলে অনেকেই মনে করতে শুরু করেন, ‘সবাই এত শক্ত, শুধু আমিই হয়তো দুর্বল।’
কিন্তু বাস্তবতা হলো, সবচেয়ে শক্ত মানুষদেরও খারাপ সময় আসে। তারাও ক্লান্ত হন, ভেঙে পড়েন, কারও সঙ্গ চান।
নিজের অনুভূতির কথা বলা মানে দুর্বল হয়ে যাওয়া নয়। বরং এটি নিজের প্রতি সততার একটি প্রকাশ। হয়তো শুরুটা খুব ছোট হতে পারে—বিশ্বস্ত একজন বন্ধুকে বলা, ‘আজ আমার খুব খারাপ লাগছে।’ অথবা শুধু স্বীকার করা, ‘আমি সবসময় শক্ত নই।’
আমরা যাদের ভালোবাসি, তারা যদি কষ্ট পায়, আমরা কি তাদের কথা শুনতে বিরক্ত হই? বেশিরভাগ ক্ষেত্রেই না। বরং আমরা চাই, তারা যেন আমাদের ওপর ভরসা করে।
তাহলে নিজের ক্ষেত্রে সেই সুযোগটা কেন দেব না?
সবসময় নিজের কষ্ট লুকিয়ে রাখা হয়তো আমাদের বাঁচতে শেখায়। কিন্তু কাউকে বিশ্বাস করে নিজের মনের দরজা খুলে দেওয়াও জীবনেরই অংশ। কারণ মানুষ শুধু শক্ত হয়ে নয়, একে অপরের পাশে থেকেও টিকে থাকে।



